বাংলা নববর্ষে হামলা-নাশকতা ঠেকাতে প্রস্তুত র‍্যাব

পহেলা বৈশাখের অনুষ্ঠানে জঙ্গি হামলা বা নাশকতার আশঙ্কা নেই বলে জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক (ডিজি) খোরশেদ হোসেন। তিনি বলেন, গোয়েন্দা তথ্য, সাইবার মনিটরিং তথ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করে এবার পহেলা বৈশাখকে কেন্দ্র করে যেকোনো ধরনের জঙ্গি হামলার ব্যাপারে এবার সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। তবুও আমরা আত্মতৃপ্তিতে ভুগছি না।

আজ শনিবার (১৩ এপ্রিল) সকালে রাজধানীর রমনার বটমূলে বৈশাখের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

র‌্যাব মহাপরিচালক বলেন, র‌্যাব সদর দপ্তর থেকে ঢাকাসহ সারা দেশে সমন্বয় করে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করা হবে। গোয়েন্দা ও সাইবার টিমের মনিটরিংয়ের মাধ্যমে জঙ্গিদের যেকোনো ধরনের নাশকতার তৎপরতা নস্যাৎ করে দিতে র‌্যাব প্রস্তুত আছে।

তিনি বলেন, ভার্চুয়াল জগতে বৈশাখকে কেন্দ্র করে যেকোনো ধরনের গুজব ও মিথ্যা তথ্য ছড়িয়ে যাতে অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টি করতে না পারে এর জন্য র‌্যাবের সাইবার টিম অনলাইনে সর্বদা নজরদারি রেখেছে। পহেলা বৈশাখে বিভিন্ন অনুষ্ঠানস্থলে আগত বিভিন্ন নারীদের উত্যক্ত এবং ইভটিজিং প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালতসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। কেউ কোনো হয়রানির স্বীকার হলে অবশ্যই র‌্যাব সদস্যদের জানাবেন। আমরা জড়িতদের বিরুদ্ধে কঠোর হাতে ব্যবস্থা গ্রহণ করব।

তিনি আরো বলেন, ভার্চুয়াল জগতে যে কোনো ধরনের গুজব বা উসকামূলক তথ্য ছড়িয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেজন্য র‍্যাব সাইবার জগতে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রেখেছে।