একের পর এক হত্যার হুমকি পাচ্ছেন। কিছুতেই যেন স্বস্তির নিশ্বাস ফেলতে পারছেন না বলিউড সুপারস্টার সালমান খান। আজ রবিবার ভোরবেলা তার বাসার সামনে কে বা কারা ফাঁকা গুলি ছুড়েছে। বলিউড ভাইজানের ‘জান’ বাঁচাতে এখন তার বাসার বাইরে রীতিমতো ভিড় করছে পুলিশ। ঘটনায় উদ্বিগ্ন সালমানের পরিবার, ভক্তরা ও বলিউড পাড়া। অভিজাত এলাকায় প্রকাশ্যে এমন ঘটনায় প্রশ্ন উঠেছে মুম্বাইয়ের সার্বিক নিরাপত্তা নিয়ে।
সূত্র অনুযায়ী, আজ ভোর চারটা পঞ্চান্ন মিনিট নাগাদ মুম্বাইয়ের বান্দ্রায় সালমান খানের ‘গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে’র বাইরে পরপর বেশ কয়েকবার গুলির শব্দ শোনা যায়। মোটরসাইকেল করে এসে দুষ্কৃতকারীরা কয়েক রাউন্ড গুলি চালিয়েই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, এদিন গুলি চলার সময় সালমন বাড়িতেই ছিলেন।
ঘটনার কিছুক্ষণ পরই মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখা ঘটনাস্থলে পৌঁছেছে। এর আগে একাধিকবার প্রাণনাশের হুমকি পেয়েছেন সালমান খান। গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই সালমনকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছে। এমনও শোনা গিয়েছিল, বিষ্ণোইয়ের শাগরেদরা সালমানের বাড়িও পর্যবেক্ষণ করে গিয়েছিল।
ক্যারিয়ারের শুরু থেকেই সালমান পরিবার-পরিজন নিয়ে ‘গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে’ থাকেন। ওপরের তলায় থাকেন বাবা সেলিম খান। আর গ্রাউন্ড ফ্লোরে থাকেন সালমান। ২০২৩-এ ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএয়ের তরফে জানানো হয়েছিল, সালমান ১০টি গ্যাংয়ের নিশানায় রয়েছেন। তাদের মধ্যে ছিল কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নামও। সালমানকে হত্যার পরিকল্পনা এর আগে একাধিকবার হয়েছে। কিন্তু প্রতিবারই কোনো না কোনো কারণে সেই সব পরিকল্পনা ভেস্তে গেছে।
সূত্র: এএনআই, টাইমস অব ইন্ডিয়া