বলিউডের ছোট নবাব সাইফ আলী খান। শুধু নামে নয়, মেজাজেও যেন তার নবাবিয়ানা প্রকাশ পায়। কখনও বিরক্ত হয়ে ফটোশিকারিদের ধমক দিচ্ছেন, কখনও আবার বাড়ির সহকারীদের নিয়ে বিরক্তি প্রকাশ করছেন। তবে প্রথম স্ত্রী অমৃতা সিংয়ের সঙ্গে থাকাকালীন এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির সঙ্গে বচসায় জড়িয়ে ঝগড়া করতে করতেই কামড়ে দেন ওই ব্যক্তিতে। ওই ব্যক্তির কাছ থেকে পাল্টা কামড়ও খান সাইফ।
ঘটনাটি বেশ অনেক বছর আগে। পরিচালক কমল সদানা সম্প্রতি এক সাক্ষাৎকারে সাইফ আলী খানকে নিয়ে এমনই এক মজার তথ্য দিয়েছেন। ঘটনাটি ঘটেছিল নব্বইয়ের দশকে। সেই সময় অমৃতার সঙ্গে বিবাহিত জীবন কাটাচ্ছেন অভিনেতা। কমল বলেন, ‘আমরা (সাইফ, অমৃতা সিং এবং তিনি) এক জায়গা থেকে ফিরছিলাম। সাইফ খুব সম্ভবত গাড়ি চালাচ্ছিলেন। পেছন থেকে একটা গাড়ি এসে সাইফের গাড়িকে টপকে সামনে চলে আসে। এর পর আমাদের গাড়ি থেকে সাইফ বেরোয়। ওই ব্যক্তি নিজের গাড়িকে মাঝরাস্তায় দাঁড় করিয়ে গাড়ি থেকে নেমে ঝগড়া শুরু করেন। আমি আর অমৃতা বনেটে বসে দেখছিলাম।’
তার পরই এমন কাণ্ড ঘটেছে, যা দেখে হাসি চেপে রাখতে পারেননি কমল ও অমৃতা। পরিচালক জানান, এর পর ওই ব্যক্তি ও সাইফ, একে-অপরকে কামড়ে দেন। ঝগড়া শেষে হতেই দু’জনেই নাকি হেসে ফেলেন। একে-অপরকে জড়িয়েও ধরেছিলেন। তার পর সাইফকে নিয়ে হাসপাতালে ছুটতে হয় তাদের, অ্যান্টিটিটেনাস ইঞ্জেকশন নিতে হয় অভিনেতাকে। ক্ষণিকের সেই ঘটনা আজও মনে রয়ে গেছে পরিচালকের।