নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কুলিক নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে ইয়াসমিন (১২) ও তসলিমা (১২) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (১৪ এপ্রিল) দুপুরে উপজেলার লেহেম্বা ইউনিয়নের খঞ্জনা নামক স্থানে এ ঘটনাটি ঘটে।

পানিতে ডুবে মারা যাওয়া শিশুরা হলো— রানীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নের খঞ্জনা গ্রামের ইব্রাহীম আলীর মেয়ে ইয়াসমিন ও দিনাজপুর মহারাজা মোড়ের ইউসুফ আলীর মেয়ে তসলিমা। তসলিমা বেড়াতে এসেছিলেন তার নানার বাড়িতে।

বিষয়টি নিশ্চিত করেন রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা।

রানীশংকৈল থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) মুরাদ বলেন, ইয়াসমিন ও তসলিমা তারা দুইজন মিলে কুলিক নদীতে হয়তো গোসল করতে নেমেছিল ৷ সাঁতার না জানার কারণে হয়তো তারা ডুবে যায় ৷ পরে এলাকাবাসী দেখতে পেয়ে তাদের উদ্ধার করেন। ঘটনাস্থলে তসলিমা মারা যায়। আর ইয়াসমিনকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।