ধোনির ২০ রানের কাছে হার রোহিতের সেঞ্চুরি

২০৭ রান তাড়া করতে নেমে যেন খেই হারিয়ে ফেলল মুম্বাই ইন্ডিয়ানস। শুরু থেকে একা রোহিত শর্মা লড়াই চালিয়ে গেলেও তার শতরান কোনও মর্যাদা পেল না। হার্দিকের মতো তার দলের মিডল অর্ডারও রবিবার পুরোপুরি ব্যর্থ। 

মুম্বাইয়ের ঘরের মাঠে তাই উড়ল শুধু হলুদ পতাকা। চেন্নাই জিতল ২০ রানে। শেষ চার বল খেলতে নেমে ধোনিও করেন ঐ রান। আর এটাই যেন পার্থক্য গড়ে দেয় ম্যাচের।

প্রথমে ব্যাট করে শুরুতে কিছুটা হোঁচট খেয়েছিল চেন্নাই। 'অকারণে' রাহানেকে দিয়ে ওপেনিং করানোর বুদ্ধি কার মাথার তা নিয়ে চর্চা হতেই পারে। কিন্তু তিনি আউট হওয়ার পর চেন্নাই ইনিংসের ভীত গড়ে দেন রুতুরাজ গায়কোয়াড় এবং শিবম দুবে। রুতুরাজ ফেরার পরেও শিবমের দাপট কমেনি। তিনিও চালিয়ে খেলে অর্ধশতরান করেন। তবে শেষ ওভারে দেখা যায় মাহি-ম্যাজিক। হার্দিকের ওভারে পর পর তিন বলে তিনটি ছয় মারেন তিনি। 

মুম্বই ব্যাটে নামার পর থেকে ছন্দে লাগছিল রোহিতকে। কিন্তু তিনি যোগ্য সঙ্গত পেলেন না বলাই যায়। ঈশান কিষান খুব দ্রুত আউট হন। সূর্যকুমার যাদব আগের ম্যাচের মতো খেলা তো দূর, রানই পাননি। শূন্য রানে আউট হন। তিলক বার্মাও লড়াই করার চেষ্টা করে ব্যর্থ। অধিনায়ক হার্দিকের খেলা দেখে মনে হচ্ছিল শুধু নামতে হবে বলেই নেমেছেন। এক কথায়, মুম্বাইয়ের মিডল অর্ডার কিছু ছিলই না। 

মহেন্দ্র সিং ধোনি ছাড়া গোটা ওয়াংখেড়ে জুড়ে আরও একটা নাম শোনা যাচ্ছিল। সেটা হল রোহিত শর্মা। শুরু থেকে শেষ পর্যন্ত টিকে থেকে লড়াকু ৬৩ বলে ১০৫ করলেন তিনি। তবে তার লড়াইকে কোনও মর্যাদা দিতে পারল না দল। খারাপ লাগায় তাই হয়তো সেঞ্চুরি করেও কোনও সেলিব্রেশন করেননি 'হিটম্যান'।