কক্সবাজারের টেকনাফের মসজিদের বারান্দা থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় আব্দুল্লাহ (৩৫) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার (১৫ এপ্রিল) ভোর ৫টায় উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের পশ্চিম মহেশখালীয়া পাড়ার উম্মে হামজা জামে মসজিদের বারান্দা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আবদুল্লাহ একই ইউপির ৯ নম্বর ওযার্ডের মহেশখালীয়া পাড়ার সফর আহাম্মদের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের থেকে প্রাপ্ত তথ্যমতে, ফজরের নামাজ পড়তে মুসল্লিরা মসজিদে গেলে বারান্দায় লুঙ্গি দিয়ে গলায় ফাঁস লাগানো এক ব্যক্তির ঝুলন্ত লাশ দেখতে পান। খবর পেয়ে ঘটনাস্থলে স্থানীয় ইউপি সদস্য পৌঁছে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতাহাল প্রতিবেদন তৈরি করে মযনাতদন্তের জন্য লাশটি কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
মরদেহের সুরতাহাল প্রতিবেদন তৈরিকারী হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির এসআই শাহাদাত সিরাজী বলেন, মৃত আবদু্ল্লাহ দীর্ঘদিন ধরে এলাকায় মানসিক ভারসম্যহীনভাবে চলাফেরা করতেন। এবং মাদকাসক্ত ছিলেন। তাহার থাকার নির্দিষ্ট কোনো স্থান ছিল না। মৃত ব্যক্তির পূর্বপুরুষ অত্র এলাকার বাসিন্দা হলেও তারা দীর্ঘ ৪৫ বছর পূর্বে দেশ ছেড়ে সৌদি আরব চলে যান। বর্তমানে তার দূরসম্পর্কের আত্মীয় এই এলাকায় আছে এবং স্থানীয় ইউপি সদস্যের উপস্তিতিতে তারাই লাশ শনাক্ত করে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি, মানসিক ভারসাম্যহীন ও মাদকাসক্ত হওয়ার কারণে তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। তবে লাশের ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।