টানা পাঁচ দিনের ছুটি শেষে বেনাপোল বন্দর দিয়ে শুরু হয়েছে আমদানি-রপ্তানি। সোমবার (১৫ এপ্রিল) সকাল ৯টা থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন বেনাপোল কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার রবিন্দ্র সিংহা।
খোঁজ নিয়ে জানা গেছে, বন্দরে সকাল থেকে তিন হাজার হ্যান্ডলিং শ্রমিক কাজে যোগদান করেছেন।
ঈদুল ফিতর উপলক্ষে ১০ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত পাঁচ দিন এ বন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ ছিল। তবে এ সময় দুই দেশের বৈধ পাসপোর্টধারী যাত্রী পারাপার ছিল স্বাভাবিক।
বেনাপোল আন্তর্জাতিক ইমিগ্রেশন পুলিশের ওসি কামরুজ্জামান বলেন, ঈদুল ফিতর উপলক্ষে পাঁচ দিন বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও এ সময় বৈধ পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল। গত পাঁচ দিনে ২৭ হাজার পাসপোর্ট যাত্রী ভারতে যাতায়াত করেছে।