বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে কৃষকের মৃত্যু

চট্টগ্রামের চন্দনাইশে বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। এঘটনায় গুরুতর আহত হন আরেক কৃষক।

আজ সোমবার (১৫ এপ্রিল) সকাল ৭টার দিকে উপজেলার বরমা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে বাইনজুরি এলাকায় এঘটনা ঘটে।

নিহত কৃষক জাকির হোসেন (৬৫) চন্দনাইশ উপজেলার বরমা ইউপির বাইনজুরি এলাকার বাসিন্দা আব্দুর রাজ্জাকের ছেলে। আহত সালাউদ্দিন (৩৫) একই এলাকার শেবন্দী গ্রামের নজরুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বাঁশখালীর পাহাড়ি অঞ্চল থেকে দুটি বন্যহাতি চন্দনাইশের মধ্যম বাইনজুরী চলে আসে। সেখানে তরকারি তুলতে যাওয়া মোহাম্মদ জাকিরকে পেছনে থেকে আক্রমণ করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ফেরার পথে বন্যহাতি দুটি চাঁনখালী খাল পার হয়ে আনোয়ারা উপজেলায় যাওয়ার পথে শেবন্দি গ্রামের সালাউদ্দিন (৫০) কে আহত করে। স্থানীয় লোকজন আহত সালাউদ্দিনকে উদ্ধার করে প্রথমে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত হাতি দুটি আনোয়ারা উপজেলার সর্বত্র দাপিয়ে বেড়াচ্ছে।

অপরদিকে, চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা বেগম, থানার ওসি ওবায়দুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুল্লাহ আল ইরফান, বন বিভাগের চট্টগ্রাম দক্ষিণ রেঞ্জ অফিসার মো. নুরে আলম হাফিজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রিয়াদ হোসেন ও বরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম টিটু ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নিহতের পরিবারকে ২০ হাজার ও আহতের পরিবারকে ১০ হাজার টাকা আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে বলে জানান ইউএনও মাহমুদা বেগম। তিনি আরও জানান, রেঞ্জ অফিসারকে বন্য প্রাণীর আঘাতে নিহত ও আহত ব্যক্তির পরিবারকে নীতিমালা অনুযায়ী আর্থিক সহযোগিতা প্রদানের নির্দেশনা দেওয়া হয়েছে।

চন্দনাইশ থানার ওসি ওবায়দুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।