ঈদের মৌসুমে (এপ্রিল মাসের প্রথম ১২ দিন) ৮৭ কোটি ৭১ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।
আজ সোমবার (১৫ এপ্রিল) কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, এপ্রিল মাসের প্রথম ১২ দিনে বৈধ বা ব্যাংকিং চ্যানেলে ৮৭ কোটি ৭১ লাখ মার্কিন ডলার অর্থ দেশে পাঠিয়েছেন প্রবাসীরা।
দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১১০ টাকা ধরে) যার পরিমাণ ৯ হাজার ৬৪৮ কোটি টাকা। সেই হিসাবে ঈদের সময় রমজানের শেষদিকে দৈনিক রেমিট্যান্স এসেছে ৮০০ কোটি টাকার বেশি পরিমাণ বৈদেশিক মুদ্রা।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে বলা হয়, আলোচ্য সময়ে ১০টি ব্যাংকে কোনো রেমিট্যান্স আসেনি। এর মধ্যে ১টি রাষ্ট্রায়ত্ত ব্যাংক, ১টি বিশেষায়িত ব্যাংক, ৪টি বেসরকারি ব্যাংক এবং ৪টি বিদেশি ব্যাংক রয়েছে।
চলমান এপ্রিলের প্রথম ১২ দিনে রাষ্ট্র মালিকানাধীন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল), বিশেষায়িত খাতের রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এবং বেসরকারি খাতের কমিউনিটি ব্যাংক, সিটিজেন্স ব্যাংক, মেঘনা ব্যাংক ও আইসিবি ইসলামি ব্যাংকে কোনো প্রবাসী আয় আসেনি। এছাড়া বিদেশি খাতের হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া এবং উরি ব্যাংকেও কোনো রেমিট্যান্স আসেনি।