বিরিয়ানির দাম নিয়ে মারামারি, কারাগারে দুই যুবক

বিরিয়ানির দাম নিয়ে দোকানিকে মারধর করে কারাগারে গেলেন দুই যুবক। গতকাল রবিবার ভারতের পশ্চিমবঙ্গের মধ্য হাওড়ায় এ ঘটনা ঘটে। 

পুলিশ জানিয়েছে, মধ্য হাওড়ার টিকিয়াপাড়ার বেলিলিয়াস রোডে একটি বিরিয়ানির দোকান চালান আফজাল ইসলাম। গত শনিবার রাতে উত্তর হাওড়ার দুই যুবক তার দোকানে বিরিয়ানি কিনতে আসে। এ সময় বিরিয়ানির দাম নিয়ে তাদের মধ্যে বচসা হয় এবং তা মিটমাট হয়ে যায়। 

কিন্তু রবিবার বিকালে দুই যুবক এলাকার আরও বেশ কয়েকজনকে নিয়ে ওই দোকানির ওপর চড়াও হন। তাকে কিল, চড় এবং ঘুষি মারেন। অভিযোগ, তাকে ধারাল অস্ত্র দিয়েও কোপানো হয়। পুরো ঘটনাই সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় স্থানীয়রা।

তারা আহত দোকানিকে উদ্ধার করেন। হাতেনাতে ধরেন অভিযুক্ত দুজনকে। খবর দেওয়া হয় হাওড়া থানায়। পুলিশ সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে তাদের গ্রেপ্তার করে। তাদের মধ্যে একজনকে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগামীকাল তাকে হাওড়া আদালতে তোলা হবে।

তবে অপরজনকে আজ হাওড়া আদালতে তোলা হয়। তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করেছে পুলিশ। এ ঘটনায় আহত বিরিয়ানি ব্যবসায়ী হাওড়া জেলা হাসপাতালে ভর্তি আছে। এলাকাবাসীর কথায়, বিরিয়ানির দাম নিয়ে মারামারির ঘটনার নজির নেই। এমন ঘটনা যে কোনো সুস্থ সমাজের কাছে অনভিপ্রেত।