পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসির নিট মুনাফায় চমক দেখা গেছে। আইসক্রিমের মৌসুম শুরু হওয়ায় চলতি ২০২৩-২৪ হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) নিট মুনাফায় ৭৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে লাভেলো ব্র্যান্ডের আইসক্রিম বাজারজাতকারী প্রতিষ্ঠানটি। গতকাল সোমবার অনুষ্ঠিত কোম্পানির পর্ষদ সভা চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন দিয়েছে।
চলতি তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৬ কোটি ১ লাখ ৪৪ হাজার ১৪৬ টাকা, যা আগের বছর একই সময়ে ৭৩ শতাংশ বেশি। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭১ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ৪১ পয়সা।
চলতি তৃতীয় প্রান্তিকে কোম্পানিটি পণ্য বিক্রি থেকে আয় হয়েছে ৩৯ কোটি ৭৩ লাখ টাকা, যা আগের বছর একই সময়ের চেয়ে ১৫ কোটি ৬৪ লাখ টাকা বা ৬৫ শতাংশ বেশি।
অন্যদিকে চলতি হিসাব বছরের প্রথম ৯ মাসে (জুলাই ২৩-মার্চ ২৪) কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১০ কোটি ৮৫ লাখ টাকা, যা আগের বছর একই সময়ে ছিল ৯ কোটি ৬৫ লাখ ৪১ হাজার ১১৭ টাকা। সে হিসেবে কোম্পানিটির মুনাফা বেড়েছে ১২ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ২৮ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ১ টাকা ১৪ পয়সা। ২০২৪ সালের ৩১ মার্চ শেষে লাভেলোর শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৩ টাকা ২১ পয়সা।
কোম্পানিটির পরিশোধিত মূলধন ৮৫ কোটি টাকা। ২০২২-২৩ হিসাববছরে লাভেলো তার শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।