চলতি মৌসুমে ডেঙ্গু রোগী বাড়লেও রোগীদের চিকিৎসায় স্যালাইনের কোনো সংকট হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। তিনি বলেছেন, ‘এখন চিকিৎসকরা ডেঙ্গু চিকিৎসা সম্পর্কে ভালোভাবে জানেন। আমরা হাসপাতালগুলোকে স্যালাইনের বিষয় নিয়েও বলে রেখেছি। স্যালাইনের কোনো সংকট হবে না। তবে আমরা সবাই চাই ডেঙ্গু না হোক। ডেঙ্গু প্রতিরোধের বিষয়গুলোও আমাদের সবার জানা আছে।’
ঈদের ছুটি শেষে গতকাল সোমবার প্রথম কার্যদিবসে সচিবালয়ে মন্ত্রণালয়ে কর্মকর্তা ও সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছাবিনিময় অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।
এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বাসাবাড়ি সবকিছু পরিষ্কার রাখতে হবে। একবার অসুখ হলে তখন চিকিৎসা করতে হয়। কারও যাতে ডেঙ্গু না হয়, সেজন্য আমাদের কাজ করতে হবে।’ তিনি বলেন, ‘মন্ত্রী হওয়ার আগেও আমি হাসপাতাল পরিদর্শন করেছি। এমন কোনো ঈদ ও দুর্গাপূজা নেই যেদিন আমি হাসপাতালে যাইনি। এবারও ঈদছুটিতে হাসপাতাল পরিদর্শনে গিয়েছি, যাতে কর্তব্যরত চিকিৎসক-নার্সরা আমাকে দেখে উৎসাহ পান। সেবা নিতে আসা রোগীরা চিকিৎসা পান।’
অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বিশ্বব্যাপী স্বাস্থ্য খাতে নতুন অশনি সংকেত : মানবদেহে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বিশ্বব্যাপী স্বাস্থ্য খাতে নতুন এক অশনিসংকেত বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। তিনি বলেছেন, মানুষ থেকে শুরু করে গ্রামে-গঞ্জে পশুপাখির মধ্যেও এটি বিস্তার লাভ করেছে। গতকাল সোমবার ‘ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির ভবিষ্যৎ পরিকল্পনা’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে অনুষ্ঠিত এই আলোচনা সভায় স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সরকারের সংশ্লিষ্ট বিভাগ এবং ব্র্যাকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স মোকাবিলায় সরকারি-বেসরকারি সব খাতকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।