ইংলিশ প্রিমিয়ার লিগে গতকাল রাতে চেলসি ৬-০ গোলে হারিয়েছে এভারটনকে। ম্যাচে একাই চার গোল করেছেন কোল পালমার। লিগে ঘরের মাঠ স্টামফোর্ড ব্রিজে এটি পালমারের দ্বিতীয় হ্যাটট্রিক। এর আগে করেছিলেন ম্যানইউয়ের বিপক্ষে।
সর্বোচ্চ গোলদাতার হওয়ার লড়াইটা আগে থেকেই জমজমাট ছিল। এভারটনের বিপক্ষে ৪ গোল করে সেই লড়াইয়ে আর্লিং হলান্ডকে ছুঁয়ে ফেললেন চেলসির পালমার। অথচ এই মৌসুমে ম্যানসিটি থেকে চেলসি আসার আগে প্রিমিয়ার লিগে তার কোনো গোলই ছিল না!
স্ট্যামফোর্ড ব্রিজে সোমবার রাতে ম্যাচ শুরুর ২৯ মিনিটের মধ্যেই হ্যাটট্রিক পেয়ে যান পালমার। চেলসি ফরোয়ার্ড এবারের লিগে নিজের ২০তম গোলটি করেন ৬৪ মিনিটে পেনাল্টি থেকে।
এই মৌসুম শুরুর আগে ৪ কোটি ২০ লাখ পাউন্ডে পালমারকে কেনে চেলসি। নিয়মিত খেলার সুযোগ পেতেই সিটি ছেড়ে চেলসিতে যোগ দিয়েছিলেন পালমার। গত মৌসুমে সিটির হয়ে ২৫ ম্যাচ খেললেও মাত্র সাত ম্যাচে শুরু থেকে মাঠে ছিলেন এই এই ইংলিশ খেলোয়াড়।
পালমার বলেন, ‘সবকিছু কী দ্রুত ঘটে গেল। আমরা ভালো শুরু করেছিলাম, আমি আরেকটি হ্যাটট্রিক পেলাম।'
পালমারের দারুণ ফর্মের পরও চেলসি আছে পয়েন্ট তালিকার নয়ে। ৩১ ম্যাচে ৪৭ পয়েন্ট দলটির। ৪৭ পয়েন্টে আটে থাকা ওয়েস্ট হামের চেয়ে দুটি ম্যাচ কম খেলেছে চেলসি।