ভাত খেতে না চাওয়ায় ৫ বছরের জান্নাতুলকে আছড়ে মারলেন বাবা

রাজধানীর হাজারীবাগ বউবাজার এলাকায় বাবার হাতে পাঁচ বছরের মেয়ে শিশু খুন হয়েছে। শিশুটির নাম জান্নাতুল। এই ঘটনায় শিশুটির বাবা লেগুনাচালক মো. রাসেলকে আটক করেছে পুলিশ।

গতকাল সোমবার (১৫ এপ্রিল) বিকালে বউবাজার খালপাড়ের বাসায় এঘটনা ঘটে। চিকিৎসাধীন অবস্থায় সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ২০৪ নম্বর ওয়ার্ডে মারা যায় শিশুটি।

তাদের বাড়ি ভোলার পশ্চিম চরভূষণ এলাকায়। বর্তমানে হাজারীবাগ বউবাজার খালপাড় এলাকার একটি বাসায় ভাড়া থাকত। শিশুটির বাবা মো. রাসেল লেগুনাচালক আর মা নাসিমা আক্তার গৃহিণী। বাবা মায়ের একমাত্র সন্তান জান্নাতুল।

হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) নাদির শাহ জানান, গতকাল সোমবার বিকেলে শিশুটির বাবা রাসেল মেয়ে শিশুটিকে মাটিতে আছাড় মারে। এতে শিশুটির মাথায় আঘাত লেগে গুরুতর আহত হয়। স্বজন ও প্রতিবেশীরা শিশুটিকে তাৎক্ষণিক উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় সেখানে মারা যায় সে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। 

তিনি আরও জানান, মাঝে মধ্যেই স্ত্রী ও মেয়েকে অত্যাচার করত রাসেল। গতকাল বিকালে শিশুটিকে তার মা নাসিমা ভাত খাওয়াচ্ছিল। তবে খেতে চাচ্ছিল না সে। এতেই বাবা রাসেল রাগান্বিত হয়ে মেয়েকে মাটিতে আছাড় মারে। এতে শিশুটির মাথায় আঘাত লেগে গুরুতর আহত হয়। তবে ঘটনার পরপরই প্রতিবেশীরা রাসেলকে ধরে থানায় খবর দেন। সে থানায় আটক আছে। এঘটনায় মামলা প্রক্রিয়াধীন।