ঘরোয়া সহিংসতাসহ ১৯টি অভিযোগে আটক অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার মাইকেল স্ল্যাটার জামিন নিতে ব্যর্থ হওয়ার পর আদালতে অজ্ঞান হয়ে পড়েন।
সাবেক টেস্ট ক্রিকেটার ও ধারাভাষ্যকারের বিরুদ্ধে পুলিশের অভিযোগের বিস্তারিত মঙ্গলবার আদালতে তুলে ধরা হয়। স্ল্যাটার জামিনের আবেদন করেন তার আইনজীবি। জামিনের আবেদন নামঞ্জুর হওয়ার পর পুলিশের সেলে ফিরে যাওয়ার সময় তিনি অজ্ঞান হয়ে পড়েন।
শুনানিতে স্ল্যাটারের আইনজীবী মাইকেল রবিনসন জানিয়েছেন, তাঁর মক্কেল ছাড়া পেলে সিডনির মানসিক পুনর্বাসন কেন্দ্রে থাকার পরিকল্পনা করেছেন। এ ছাড়া তাঁর বিরুদ্ধে দায়ের করা সব অভিযোগও অস্বীকার করেন স্ল্যাটার। তবে পুলিশ এই আবেদনের বিরোধিতা করে। ‘মারাত্মক’ সহিংসতার অভিযোগ থাকায় আদালত তাঁকে জামিন না দেওয়ার সিদ্ধান্ত দেন। আগামী মাসে আবার আদালতে তোলা হবে স্ল্যাটারকে।
অস্ট্রেলিয়ার হয়ে ৭৪ টেস্টে ৪২.৮৩ গড়ে ৫৩১২ রান করা স্ল্যাটারের বিরুদ্ধে ১৯টি অভিযোগ গঠন করেছে অস্ট্রেলীয় পুলিশ। অভিযোগগুলোর মধ্যে রয়েছে ঘরোয়া সহিংসতা, অনৈতিকভাবে গোপনে নজরদারি ও হয়রানি, রাতে অন্যের ঘরে বেআইনিভাবে অনুপ্রবেশ ও শারীরিকভাবে আক্রমণ। ২০২৩ সালের ৫ ডিসেম্বর থেকে এ বছরের ১২ এপ্রিল পর্যন্ত ঘটনাগুলোর কারণেই ৫৪ বছর বয়সী স্ল্যাটারকে রিমান্ডে নেয় পুলিশ।
সপ্তাহান্তে গ্রেপ্তার হওয়ার পর থেকে ৫৪ বছর বয়সী এই ব্যক্তি গত কয়েকদিন মারুচিডোর পুলিশ ওয়াচ হাউসে কাটিয়েছেন।