কাপড়ের দোকানে জামা কিনতে গিয়েছিলেন যুবক। একটি জামা পছন্দ করে নিয়েও যান। গোলমাল হয় তারপর। বাড়ি ফিরে বুঝতে পারেন, জামার সাইজ ছোট হয়েছে। পরদিন দোকানে গেলে বড় সাইজের জামার জন্য আরও ৫০ রুপি চান ব্যবসায়ী। কিন্তু বাড়তি টাকা দিতে রাজি হননি যুবক। এ নিয়ে বচসার জেরে ব্যবসায়ীর আঙুলে কামড় দেন যুবক। এ সময় ব্যবসায়ীর ছেলে বাধা দিতে এলে তাকেও কামড়ে দেন যুবক।
ঘটনাটি ভারতের উত্তরপ্রদেশের বান্দা জেলার। আক্রান্ত ব্যক্তির নাম শিবচন্দ্র কারওয়ারিয়া। তার দোকানেই জামা কিনতে গিয়েছিলেন অভিযুক্ত যুবক। তার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ উঠেছে, জামার দাম নিয়ে বচসা হাতাহাতির পর্যায়ে পৌঁছায়। এ সময় দোকানে ভাঙচুর চালান যুবক। ব্যবসায়ী বাধা দিলে তার আঙুল কামড়ে ধরেন। রক্ষা পায়নি তার ছেলেও। ব্যবসায়ী আরও জানিয়েছেন, ওই যুবক তার দোকান থেকে নতুন জামা টেনে রাস্তায় ছুড়ে ফেলে দিয়েছেন। তারপর ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এরপর রক্তাক্ত অবস্থায় নিকটবর্তী থানায় পৌঁছান ওই ব্যবসায়ী।
স্টেশন হাউস অফিসার কোটওয়ালি নারাইনি বলেন, ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে এফআইআর হয়েছে। অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে। তাকে গ্রেপ্তার করা হবে বলেও আশ্বাস দিয়েছে পুলিশ।