মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে 

পরীক্ষার কারণ দেখিয়ে প্রবেশপত্র আটকে রাখলে ব্যবস্থা 

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে টেস্ট পরীক্ষার নামে কোনো শিক্ষার্থীর কাছ থেকে অতিরিক্ত ফি আদায় করা যাবে না বলে নির্দেশনা দিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। এ ছাড়া পরীক্ষার কারণ দেখিয়ে প্রবেশপত্র দেওয়া থেকে বঞ্চিত করলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। 

নির্দেশনা প্রতিপালন না করলে সুনির্দিষ্ট ব্যবস্থা নিয়ে আন্তঃশিক্ষা বোর্ডের সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে বিষয়টি জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।

এর আগে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ ওঠায় গত ৩ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ অতিরিক্ত ফি আদায় না করার জন্য নির্দেশনা জারি করে। যদিও সেই নির্দেশনার পরও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে টেস্ট পরীক্ষার নামে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ ওঠে। এরপর নতুন এই নির্দেশনা দেওয়া হয়। 

মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়, টেস্ট পরীক্ষার নামে কোনও শিক্ষার্থীর কাছ থেকে অতিরিক্ত ফি আদায় কিংবা প্রবেশপত্র দেওয়া থেকে বঞ্চিত করা যাবে না। এই নির্দেশনা প্রতিপালন না করলে প্রতিষ্ঠানের বিরুদ্ধে সুনির্দিষ্ট ব্যবস্থা নিয়ে মন্ত্রণালয়কে অবহিত করতে হবে আন্তঃশিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে।