২০২১ ফেরাবেন এমবাপ্পে, নাকি জিতবে বার্সাই

চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনার মাঠে একবারই জেতার রেকর্ড আছে পিএসজির। ২০২০-২১ মৌসুমে শেষ ষোলোর প্রথম লেগে বার্সার মাঠে ৪-১ গোলে জিতেছিল পিএসজি। সেই ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন এমবাপ্পে। আজ রাত ১টায় আরও একবার বার্সার মাঠে নামার আগে সেই সুখস্মৃতি ফিরিয়ে আনতে চাইবেন এমবাপ্পে।

অন্যদিকে এবারের মৌসুমে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে পিএসজির মাঠে ৩-২ গোলে জিতে এগিয়ে আছে বার্সেলোনা। তাই আজ যেকোনো ব্যবধানে ম্যাচ ড্র কিংবা জিতলে ২০১৯ সালের পর আবারও চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠে যাবে বার্সেলোনা।

পিএসজির জন্য সেমিতে যাওয়ার পথটা একটু কঠিন। শুধু ম্যাচ জিতলে হবে না, তাদের জিততে হবে অন্তত দুই গোলের ব্যবধানে; অর্থাৎ ২-০, ৩-১ এমন ব্যবধানে। বার্সেলোনা কোচ জাভি দ্বিতীয় লেগেও জয় চান। তিনি বলেন, ‘আমরা পিএসজির থেকে বল কেড়ে নিতে চাই এবং ম্যাচ জিততে চাই। তারা আমাদের সর্বোচ্চ পরীক্ষাটা নেবে। আমি দেখছি প্রথম লেগের মতোই হবে ম্যাচ।’ বার্সেলোনা সবশেষ চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতেছিল ২০১৫তে। তখন কাতালান ক্লাবটির কোচ ছিলেন লুইস এনরিকে। তিনি এখন পিএসজির কোচ। জাভি বলেন, ‘লুইস (পিএসজি কোচ) বসে থাকবে না, সে আমাদের চাপের মধ্যে ফেলতে চাইবে। সেমিফাইনালে উঠতে হলে আমাদের সেরাটা দিতে হবে।’

পার্ক দ্য প্রিন্সেসে প্রথম লেগে বার্সার জয়ে তরুণ খেলোয়াড়দের ভূমিকা ছিল বেশ। ডিফেন্সে খেলেছিলেন ১৭ বছর বয়সী পাউ কুবার্সি। আক্রমণভাগে রাইট উইংয়ে ১৬ বছরের ইয়ামাল। বার্সার তরুণ খেলোয়াড়রা দ্বিতীয় লেগেও পার্থক্য গড়ে দিতে পারেন- এমনটি ভাবছেন অনেকে।

বার্সার মিডফিল্ডার পেদ্রি প্রথম লেগে এগিয়ে থাকার বিষয়টি মাথায় নিতে চান না। পেদ্রি বলেন, ‘আমাদের এমনভাবে মাঠে নামতে হবে যে প্রথম লেগে আমরা এগিয়ে নেই। ইনজুরি থেকে ফিরলে কিছুটা ক্লান্তি ভাব আসে কিন্তু আমি ঠিক আছি। আমি সব সময়ই বলি, শতভাগ দিয়ে ৮০ মিনিট খেলি, এরপর না পারলে আমি পরিবর্তন করতে বলি।’

প্রথম লেগে জ্বলে উঠতে পারেননি পিএসজির ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। সবশেষ লিগ ম্যাচেও গোল পাননি তিনি। তবে মৌসুমে ৪১ ম্যাচ খেলে ৩৯ গোল করা এমবাপ্পে ফর্মে নেই তা বলা যাবে না।