মুন্সীগঞ্জে সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৭

আধিপত্য বিস্তার ও বিয়েবাড়িতে হামলার জেরে মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দিতে দুই নারী ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে গোলাগুলি ও মুহুর্মুহু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন গুলিবিদ্ধসহ সাতজন আহত হয়েছেন।

গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে মোল্লাকান্দি ইউনিয়নের ঢালীকান্দি গ্রামে ৮ নম্বর ওয়ার্ডের সদস্য সুমা আক্তার ও ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য ডলি বেগমের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে গুলিবিদ্ধ সিফাত (২০) ও ককটেল বিস্ফোরণে জখম আম্বিয়া খাতুনকে (৬০) মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিপন হোসেন পাটোয়ারী ও সাবেক ইউপি চেয়ারম্যান মহসিনা হক কল্পনার মধ্যে বিরোধ চলে আসছে। এর জেরে ঢালীকান্দি গ্রামে বর্তমান ইউপি চেয়ারম্যানের অনুসারী ডলি বেগমের সমর্থক বাহারউদ্দিনের বাড়িতে হামলা চালায় প্রতিপক্ষ সাবেক ইউপি চেয়ারম্যান মহসিনা হক কল্পনার অনুসারী ৮ নম্বর ওয়ার্ডের সদস্য সুমা আক্তার সমর্থিত লোকজন।

এর আগের দিন সোমবার বাহারউদ্দিনের ছেলে আশিকের বিয়ে সম্পন্ন হয়। গতকাল মঙ্গলবার বিয়ে উপলক্ষে ওই বাড়িতে অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাহারউদ্দিন অভিযোগ করেন, হামলা চালিয়ে বিয়েবাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করা হয়েছে।

বিয়েবাড়িতে হামলার ঘটনার জেরে দুপক্ষের লোকজনের মধ্যে গোলাগুলি শুরু হয়। এ সময় সেখানে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ ঘটে। এ ঘটনার পর দুপক্ষের বেশিরভাগ লোক গ্রাম ছেড়েছেন।

এ ব্যাপারে যোগাযোগের চেষ্টা করে মহসিনা হক কল্পনাসহ তার অনুসারী কাউকে পাওয়া যায়নি। সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান জানান, মূলত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘাতের সৃষ্টি হয়। বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।