প্রথমবার একসঙ্গে নাচবেন মাধুরী-বিদ্যা

‘ভুল ভুলাইয়া’ ফ্র্যাঞ্চাইজির প্রথম কিস্তিতে  ‘আমি যে তোমার’ গানের সঙ্গে বিদ্যা বালানের নাচ সবার মন কেড়েছিল। ১৭ বছর পর সিনেমাটির তৃতীয় কিস্তিতে আবারও মঞ্জুলিকা হয়ে ফিরছেন তিনি। এই কিস্তিতে গানটি নতুন করে উপস্থাপন করা হবে। তবে এবারের গানটিতে চমক হিসেবে থাকছেন মাধুরী দীক্ষিত। গানটির দৃশ্যায়নে বিদ্যা বালানের সঙ্গে দেখা মিলবে মাধুরী দীক্ষিতের। প্রথমবারের মতো একসঙ্গে নাচতে দেখা যাবে তাদেরকে। এমনটাই জানিয়েছে পিঙ্কভিলা।

নির্মাতাদের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে পিঙ্কভিলা বলছে, আগামী মে মাসেই গানটির দৃশ্যধারণ শুরু হবে। গানটিতে বিদ্যা বালান, মাধুরী দীক্ষিতের সঙ্গে কার্তিক আরিয়ানকেও দেখা যাবে। মাধুরী ও বিদ্যার যুগলবন্দীতে দর্শকদের চমক দেওয়ার আশায় এ পরিকল্পনা করেছেন নির্মাতা অনীশ বাজমি এবং প্রযোজক ভূষণ কুমার।

এর আগে ‘ভুল ভুলাইয়া’ সিনেমায় মনোবিদের ভূমিকায় দেখা যায় অক্ষয়কে। এবার সেই চরিত্রে দেখা যাবে কার্তিক আরিয়ানকে। স্বাভাবিকভাবেই  তৃতীয় কিস্তি নিয়ে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। আগামী দিওয়ালিতে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে।