সড়কে ঝরল স্বামী-স্ত্রীর প্রাণ, বেঁচে গেল সন্তান

নওগাঁয় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। আজ বুধবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়কে শহরের ইয়াদ আলীর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রায়কালি গ্রামের আকরাম হোসেনের ছেলে এনামুল হক (৩৮) ও তার স্ত্রী বৃষ্টি খাতুন (৩১)।

নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক জানান, বুধবার সকালে সাড়ে ১০ টার দিকে স্বামী-স্ত্রী  ও তাদের পাঁচ বছরেরর ছেলেকে নিয়ে মোটরসাইকেলে নওগাঁ শহর থেকে সান্তাহারের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির আরেক মোটরসাইকেল সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী মারা যান।

তিনি জানান, ওই দম্পতির ছেলে জুনাইদ ইসলাম সুস্থ রয়েছে। নিহতের মরদেহ নওগাঁ সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দুটি নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।