সিরাজগঞ্জের দরিদ্র গৃহবধূ খালেদা পারভীন জামিনে মুক্ত হয়েছেন। মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরে আদালত তাঁকে জামিন দিলে বিকেলে তিনি সিরাজগঞ্জ জেলা কারাগার থেকে মুক্ত হন।
ঋণের দায়ে ঈদের আগের দিন তাকে জেলহাজতে নেওয়া হয়। ফাতেমা নামে তার তিন বছরের শিশুসন্তান রয়েছে।
মুক্তি পেয়েই তিন বছরের মেয়ে ফাতেমাকে বুকে জড়িয়ে ধরেন খালেদা। এ সময় খালেদা পারভীন বলেন, ‘পবিত্র ঈদের দিন মেয়েকে ছাড়া জেলখানায় কেটেছে। কেমন লেগেছে তা ভাষায় বোঝাতে পারব না। বিষয়টি শুধু আমি উপলব্ধি করেছি।’
এর আগে ১১ হাজার ২০০ টাকা ঋণের দায়ে বেসরকারি এনজিও সংস্থা উদ্দীপনের করা মামলায় গত বুধবার উল্লাপাড়া থানা পুলিশ খালেদাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়। ঈদের আগের দিন শিশুসন্তানকে রেখে দরিদ্র খালেদা পারভীনের জেলহাজতে যাওয়ার সংবাদটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে বিভিন্ন ব্যক্তি ও সংস্থা সাহায্যের হাত বাড়িয়ে দেয়।
খালেদার স্বামী দিনমজুর ইব্রাহিম বলেন, ‘স্বামী-স্ত্রী ও চার মেয়ে মিলে আমাদের ছয় সদস্যের সংসার। দুই মেয়ের বিয়ে হয়েছে। দুই মেয়ের বিয়ে দেওয়ার সময় ঋণগ্রস্ত হয়ে পড়েছি।’