যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনায় ইরানের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তেল আবিব। আজ বুধবার (১৭ এপ্রিল) ইসরায়েল সফরের সময় তিনি এ আশঙ্কা প্রকাশ করেন। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
কয়েক দশকের প্রক্সি যুদ্ধের পর গত শনিবার রাতে ইসরায়েলে প্রথমবারের মতো সরাসরি হামলা চালায় ইরান। এর ফলে মধ্যপ্রাচ্যে ‘বিস্তৃত সংঘাতের প্রাদুর্ভাব’ ঠেকাতে চেষ্টা করছে বিশ্বশক্তিগুলো।
গত ১ এপ্রিল দামেস্কে ইরানি কনস্যুলেটে প্রাণঘাতী হামলা চালায় ইসরায়েল। এতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর অভিজাত শাখা কুদস ফোর্সের জ্যেষ্ঠ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহেদিসহ কয়েকজন সামরিক কর্মকর্তা নিহত হন। এরপর প্রতিশোধ নিতে ইসরায়েলের দিকে শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান।
অপরদিকে ছয় মাসেরও বেশি সময় ধরে ইসরায়েল এবং ইরান সমর্থিত ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের মধ্যে চলমান যুদ্ধ মধ্যপ্রাচ্যজুড়ে সহিংসতা বৃদ্ধি করছে। ফলে কূটনীতিকরা ইসরায়েল এবং ইরানের মধ্যে সরাসরি যুদ্ধ এড়ানোর উপায় খুঁজছেন।
শনিবার ইরানের হামলায় ইসরায়েলে কারো মৃত্যু হয়নি। ক্ষয়ক্ষতিও হয়নি তেমন। তবে ইসরায়েল বলছে, হামলাটির প্রতিরোধকারীদের বিশ্বাসযোগ্যতা রক্ষা করতে প্রতিশোধ নিতে হবে। যদিও ইরান বলেছে, তারা বিষয়টিকে আপাতত ‘শেষ’ বলে মনে করছে। তবে ইসরায়েল যদি পাল্টা হামলা চালায় তারা আবার প্রতিশোধ নেবে।
জেরুজালেম সফরের শুরুতে ক্যামেরন সাংবাদিকদের বলেন, এটা পরিষ্কার যে ইসরায়েলিরা কাজ করার (প্রতিশোধ নেবার) সিদ্ধান্ত নিচ্ছে। একইসঙ্গে যুক্তরাজ্য ইরানের বিরুদ্ধে সমন্বিত নিষেধাজ্ঞা দেখতে চায় বলেও উল্লেখ করেন তিনি।