মাশরাফীদের সাবেক কোচ এবার জিম্বাবুয়ের কনসালটেন্ট

প্রথম ৫০০ টেস্ট উইকেটের মাইলফলক স্পর্শ করা ক্রিকেটার কোর্টনি ওয়ালশ। এই কিংবদন্তীর কোচিং ক্যারিয়ার শুরু হয় বাংলাদেশ থেকে। ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই তারকা পেসার ২০১৬ সাল থেকে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত মাশরাফী বিন মোর্ত্তজাদের কোচিং করিয়েছেন। এরপর নিজ দেশের মেয়েদের প্রধান কোচ ছিলেন এক মেয়াদে। নতুন করে তাকে দায়িত্ব দিয়েছে জিম্বাবুয়ে। ওয়ালশকে দেশটির নারী দলের কোচিং কনসালটেন্ট করা হয়েছে।

আজ বুধবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি)। মূলত তাদের লক্ষ্য বাংলাদেশের মাটিতে শুরু হতে যাওয়া আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ের মেয়েদের কোয়ালিফাই করা।

জিম্বাবুয়ের ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনা পরিচালক গিভমোর মাকোনি জানিয়েছেন, ‘কোর্টনিকে (ওয়ালশ) আমাদের টেকনিক্যাল কনসালট্যান্ট হিসেবে পেয়ে আমরা নিজেদের ভাগ্যবান ও সুবিধাভোগী মনে করছি। তার উপস্থিতিতেই আবুধাবিতে আমরা নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের অভিযান শুরু করব। তিনি  বিশ্বের কিংবদন্তি ক্রিকেটারদের একজন এবং আমরা আশা করি তার অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমরা আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে উত্তীর্ণ হতে যাওয়া দুই দলের মধ্যে জায়গা করে নেব।’

ইতোমধ্যে রোডেশিয়ান মেয়েদের সঙ্গে নাকি সংযুক্ত আরব আমিরাতে ক্যাম্পেও যোগ দিয়েছেন ওয়ালশ। সেখানেই টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব অনুষ্ঠিত হবে। ওয়ালশ ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছেন জিম্বাবুয়ে নারী দলের সঙ্গে। তিনি কাজ করবেন জিম্বাবুয়ে মেয়েদের প্রধান কোচ ওয়াল্টার চাওয়াগুতার সহকারী হিসেবে।