নিয়ম রয়েছে টেন্ডারের মাধ্যমে যাকাতের শাড়ি-লুঙ্গি ক্রয় করতে হবে। কিন্তু খুলনা সিটি কর্পোরেশনের বিরুদ্ধে নিয়মের ব্যত্যয় ঘটিয়ে টেন্ডার ছাড়াই ৮ হাজার ১০০ পিস লুঙ্গি ও ২২ হাজার ৯৪০ পিস শাড়ি কিনেছে এমন অভিযোগ উঠেছে। যা ঈদের আগেই মহানগরীর অসহায়, দরিদ্র ও ছিন্নমূল মানুষের মাঝে বিতরণ করা হয়।
কর্পোরেশন সূত্রে জানা গেছে, প্রতি বছর ঈদুল ফিতরে মহানগরী খুলনার ৩১টি ওয়ার্ডের অসহায়, দরিদ্র ও ছিন্নমূল মানুষের মধ্যে যাকাতের শাড়ি ও লুঙ্গি বিতরণ করে সিটি কর্পোরেশন। এবার ঈদেও প্রতিটি ওয়ার্ডে ৪০০ শাড়ি ও ১০০ লুঙ্গি বিতরণ করা হয়। এ জন্য ৮ হাজার ১০০ পিস লুঙ্গি ও ২২ হাজার ৯৪০ পিস শাড়ি ক্রয় করে কর্পোরেশন।
কিন্তু অভিযোগ উঠেছে, নিয়মের ব্যত্যয় ঘটিয়ে টেন্ডার ছাড়াই যাকাতের এসব শাড়ি-লুঙ্গি কেনা হয়েছে। ক্রয় কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।
কর্পোরেশনের ভান্ডার শাখা থেকে জানানো হয়, সাধারণ সভায় যাকাতের শাড়ি ও লুঙ্গি কেনার বিষয়টি আলোচনা হয়। আলোচনার সিদ্ধান্ত অনুযায়ী ক্রয় কমিটিকে যাচাই-বাছাই করে কেনার দায়িত্ব দেওয়া হয়। ক্রয় কমিটির নির্দেশনা ও সিদ্ধান্ত অনুযায়ী শাড়ি ও লুঙ্গি কেনা হয়েছে। তবে এখনও কতটাকা ব্যয় হয়েছে তা হিসাব-নিকাশ হয়নি। হিসাব-নিকাশ শেষে ফের সাধারণ সভায় অনুমোদন হলে টাকা ছাড় হবে।
তবে এ ব্যাপারে ক্রয় কমিটির চেয়ারম্যান ও খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, নিয়মমাফিক যাকাতের শাড়ি ও লুঙ্গি কেনা হয়েছে। কোনো অনিয়ম হয়নি।