প্রান্তিক পর্যায়ের জরুরি সেবা উন্নয়নে কাজ করছে সরকার

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, শহরের হাসপাতালগুলোতে চাপ কমাতে প্রান্তিক পর্যায়ের স্বাস্থ্য কেন্দ্রগুলোতে জরুরি সেবা উন্নয়নে কাজ করছে সরকার। প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সেসব এলাকাগুলো পরিদর্শন করা হচ্ছে। আমরা চাই সেসব এলাকার স্বাস্থ্য কেন্দ্রগুলো আরও উন্নত হোক। 

আজ বুধবার (১৭ এপ্রিল) বিকেলে কুমিল্লার চান্দিনা সোনাপুর কমিউনিটি ক্লিনিকের নতুন ভবন উদ্বোধন শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারদের সঙ্গে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, কোনো চিকিৎসকের ওপর হামলা যেমন আমি মেনে নিব না, তেমনি চিকিৎসায় অবহেলা মেনে নেওয়া হবে না।

গত মঙ্গলবার চট্টগ্রামের পটিয়ায় চিকিৎসদের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করে তিনি বলেন, চিকিৎসকদের যেমন সুরক্ষা দেওয়ার দায়িত্ব আমার, তেমনি রোগীদের সুরক্ষা দেওয়ার দায়িত্বও আমার। যদি কোনো চিকিৎসকের বিরুদ্ধে পেশাগত দায়িত্ব অবহেলার প্রমাণ পাওয়া যায় তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশের চিকিৎসা সেবা বিশ্বের অনেক উন্নত দেশের তুলনায় এগিয়ে আছে।