ইরান-ইসরায়েল উত্তেজনা

প্রভাব মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর

ইরান-ইসরায়েল উত্তেজনার ফলে মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতির দিকে নজর রেখে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে এ সংকট দীর্ঘমেয়াদি হলে সেই আলোকে করণীয় ঠিক করতে বলেছেন তিনি। গতকাল বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন।

পরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে প্রধানমন্ত্রীর নির্দেশসহ মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্তগুলো জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনার ফলে সম্ভাব্য রি-অ্যাকশন কী হতে পারে, সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে এখন থেকে প্রস্তুতি নিতে বলেছেন প্রধানমন্ত্রী। কনফ্লিক্ট যদি দীর্ঘমেয়াদি হয়, সেটি কীভাবে আমরা মোকাবিলা করব, সেগুলো মোকাবিলা করার জন্য আমরা কী করতে পারি; সেগুলোর প্রস্তুতি নিতে বলেছেন। ঘটনাপ্রবাহের দিকে নজর রাখতে বলেছেন। ক্রাইসিস তৈরি হলে জ্বালানি তেলের দাম বেড়ে যেতে পারে, তখন কী করা যায়, সে সব বিষয়ে পরিকল্পনা রাখতে বলেছেন প্রধানমন্ত্রী।

তিনি আরও বলেন, বৈঠকে অনুমোদিত সিদ্ধান্ত এখনো কেন বাস্তবায়নাধীন রয়েছে তার কারণও জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী। কেবিনেট মিটিংয়ে অনুমোদন পাওয়া সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়নেরও নির্দেশ দিয়েছেন তিনি।

মন্ত্রিপরিষদ সচিব জানান, মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন পাওয়া ১৬টি আইন রয়েছে; যা এখনো আইন আকারে উপস্থাপনের জন্য সংসদে পাঠানো সম্ভব হয়নি। এর মধ্যে ভূমি মন্ত্রণালয়ের একটি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চারটি আইন রয়েছে। এসব সিদ্ধান্ত বাস্তবায়নাধীন রয়েছে বলে মন্ত্রিসভাকে অবহিত করা হলে কেন বাস্তবায়নাধীন রয়েছে, এখনো কেন বাস্তবায়ন করা সম্ভব হয়নি, তা বিস্তারিত আকারে জানাতে বলেছেন প্রধানমন্ত্রী।

মাহবুব হোসেন জানান, যেসব আইনের খসড়া মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদনের পরও সংসদে উপস্থাপনের জন্য পাঠানো সম্ভব হয়নি, কেন তা সম্ভব হয়নি, সে বিষয়ে দ্রুততম সময়ের মধ্যে জানাতে বলেছেন প্রধানমন্ত্রী। কবে নাগাদ এসব সিদ্ধান্ত বাস্তবায়ন করা সম্ভব হবে বা আদৌ বাস্তবায়ন সম্ভব হবে কি না তাও জানাতে বলেছেন তিনি। প্রয়োজনে সে সব সিদ্ধান্ত বাতিল করতে হলেও যেন তা মন্ত্রিসভাকে অবহিত করা হয়, সংশ্লিষ্টদের এমন নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।