তিন সপ্তাহের মধ্যে সর্বোচ্চ করোনা রোগী

দেশে গত তিন সপ্তাহের মধ্যে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার সকাল ৮টা পর্যন্ত) ৬০৯টি নমুনা পরীক্ষা করে ২৫ জন করোনা রোগী পাওয়া গেছে। পরীক্ষা অনুপাতে শনাক্ত হার ছিল ৪ দশমিক ১১ শতাংশ। এর আগে এর চেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছিল গত ২৫ মার্চ, ৩৪ জন। তবে সেদিন শনাক্ত হার এর চেয়ে বেশি, অর্থাৎ ৫ দশমিক ৩৯ শতাংশ ছিল।

এ নিয়ে এ মাসের গত ১৭ দিনে মোট করোনা রোগী শনাক্ত হলো ২৬৫ জন। এ সময় কারও মৃত্যু হয়নি। এর আগের মাস মার্চে করোনা রোগী ছিল ১ হাজার ২৯ জন, তার আগের মাস ফেব্রুয়ারিতে ১ হাজার ২২৪ জন ও জানুয়ারিতে ৮৩০ জন।

এ বছর এখন পর্যন্ত করোনায় ১৬ জন মারা গেছে। তাদের মধ্যে জানুয়ারিতে মারা গেছে পাঁচজন, ফেব্রুয়ারিতে আটজন ও মার্চে তিনজন। এ মাসে এখন পর্যন্ত কারও মৃত্যু হয়নি।

ডেঙ্গুতে ভর্তি ১৭ রোগী : স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ১৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ছয়জন এবং ঢাকার বাইরে চট্টগ্রাম বিভাগে সাতজন, ঢাকা বিভাগে তিনজন ও খুলনা বিভাগে একজন রোগী ভর্তি হয়েছে। নতুন রোগীদের মধ্যে ১০ জন পুরুষ ও সাতজন নারী।

এ নিয়ে এ মাসে এখন পর্যন্ত মোট ভর্তি রোগীর সংখ্যা দাঁড়াল ২১১ জন ও মারা গেছে একজন।

এ বছর এখন পর্যন্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯১৬ জন। তাদের মধ্যে পুরুষ ১ হাজার ২০১ জন ও নারী ৭১৫ জন। মোট মারা গেছে ২৩ জন। তাদের মধ্যে ১২ জন নারী ও ১১ জন পুরুষ। রোগীদের মধ্যে সর্বোচ্চ ২৪৫ জনের বয়স ২১-২৫ বছরের মধ্যে ও সর্বনিম্ন নয়জনের বয়স আশি বছর ঊর্ধ্ব।

এ বছর নারীদের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ১৬-২০ বছর বয়সী ৮৪ জন ও পুরুষদের মধ্যে ২১-২৫ বছরের মধ্যে ১৭৩ জন। অন্যদিকে, নারী ও পুরুষদের মধ্যে সবচেয়ে বেশি মারা গেছে ৪৬-৫০ বছর বয়সী, যথাক্রমে চারজন ও ছয়জন।