নারায়ণগঞ্জের রূপগঞ্জের দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর মাস্টারের বিরুদ্ধে বিভিন্ন সংবাদমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। সংশ্লিষ্টদের দাবি, জনপ্রিয় এ চেয়ারম্যানের রাজনৈতিক মেরুদণ্ড ভেঙে দিতে বিভিন্ন অসত্য অভিযোগ তুলে ধরে বানোয়াট সংবাদ প্রকাশ করা হচ্ছে। প্রকাশিত বানোয়াট সংবাদে হানিফ মিয়ার বরাত দিয়ে দাবি করা হয়েছে যে, ‘দাউদপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় জমি না কিনে বালু ফেলে দখল করা হচ্ছে। আর বালু ভরাট ও দখলে নেতৃত্ব দিচ্ছেন চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর মাস্টার। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার ভাতিজা রাব্বি মিয়াকে তার ব্যবহৃত প্রাইভেট কারে এক আত্মীয়ের কাছে পাঠানো হয়। এ সময় জাহাঙ্গীর মাস্টারের নেতৃত্বে ২৫-৩০ জন সন্ত্রাসী অস্ত্র নিয়ে কারটির গতিরোধ করে হামলা চালায়। একপর্যায়ে হামলাকারীরা গাড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।’
তবে অনুসন্ধানে ওই অভিযোগের সঙ্গে জাহাঙ্গীর মাস্টারের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে ব্যক্তিগত আক্রোশ থেকেই এমন কাল্পনিক অভিযোগ এনে মিথ্যা সংবাদ প্রকাশ করা হচ্ছে। এর নিন্দা ও প্রতিবাদ জানিয়ে চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর মাস্টার বলেন, ‘একটি কুচক্রী মহল আমাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতে, আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে বিভিন্ন ধরনের মিথ্যা, বানোয়াট ও কাল্পনিক অভিযোগ এনে বিভিন্ন প্রিন্ট ও অনলাইন পত্রিকায় সংবাদ প্রকাশ করে চলেছে। একই সঙ্গে মূলধারার গণমাধ্যমগুলোকে অনুরোধ করছি অসত্য তথ্যসংবলিত মিথ্যা সংবাদ পরিবেশন না করতে।’