গুলশানে মদ্যপ অবস্থায় মারামারির ঘটনায় গ্রেপ্তার ৩

রাজধানীর গুলশানে বারের সামনে মদ্যপ অবস্থায় কয়েকজন নারী মিলে এক নারীকে মারধরের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তাররা হলেন শারমিন আক্তার মিম (২৪), ফাহিমা ইসলাম তুরিন (২৬) ও নুসরাত আফরিন। গতকাল বুধবার বিকেলে রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ।

ডিবি বলছে, গ্রেপ্তার নারীদের মদপানের লাইসেন্স ছিল না। তারা অবৈধভাবে অতিরিক্ত মদপান করে মাতাল হয়ে মারামারিতে জড়ান। সেলেব্রিটা বার নারীদের কাছে অবৈধভাবে মদ বিক্রি করায় তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

ডিবি কর্মকর্তা হারুন বলেন, গুলশান-২ নম্বরের ক্যাফে সেলেব্রিটা বারের সামনের এ ঘটনায় ভুক্তভোগী নারী একটি অভিযোগ করেছেন। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের গ্রেপ্তার করা হয়। মদপানের জন্য কোনো পুরুষ বা নারীর লাইসেন্স থাকলে বৈধ বার থেকে মদপান করতে পারেন। এতে আইনগত কোনো বাধা নেই। কিন্তু পহেলা বৈশাখের রাতে তারা মদপান করেন। কারও কোনো লাইসেন্স ছিল না। লাইসেন্সহীন কারও কাছে বার কর্র্তৃপক্ষ মদ বিক্রি করতে পারে না। তাদের উচিত ছিল এ নারীদের লাইসেন্স পরীক্ষা করা। এমনকি এ নারীদের কাছে অতিরিক্ত পরিমাণে মদ বিক্রি করেছে, যা পান করে তারা মাতাল, বেসামাল হয়ে যান।

ভুক্তভোগী রিতা আক্তার সুস্মি বলেন, ‘আমি ও আমার এক বন্ধু মিলে খাবার খেতে ওই রেস্তোরাঁয় যাই। খাওয়ার একপর্যায়ে টয়লেটে যাওয়ার জন্য গিয়ে দেখি চারজন মেয়ে একসঙ্গে টয়লেটে প্রবেশ করেছে। বিষয়টি রেস্তোরাঁর ম্যানেজারকে বলি। তারা মেয়েদের বের করে দেন।