কাপড়ের দোকানে এসি বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু

সাভারে কাপড়ের দোকানে এসি বিস্ফোরণে দগ্ধ কাটিং মাস্টার আমজাদ হোসেন মারা গেছেন। গত মঙ্গলবার রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন বলে জানিয়েছেন সাভার ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মেহেরুল ইসলাম।

এর আগে গত সোমবার রাতে সাভারের গে-া বাসস্ট্যান্ডের বাহার সুপার মার্কেটের আদ্রিতা ফেব্রিক্স অ্যান্ড টেইলার্স নামক কাপড়ের দোকানে এসি বিস্ফোরণে দগ্ধ হয়েছিলেন আমজাদ হোসেন। ওই ঘটনায় ওই দোকানের মালিক মো. ইউসুফ, তার বন্ধু নাহিদ কাওসারও দগ্ধ হয়ে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

সাভার ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মেহেরুল ইসলাম জানান, গত সোমবার রাত ৮টা ২৫ মিনিটে কাপড়ের দোকানটিতে ব্যবহৃত এসি বিস্ফোরণের ঘটনায় ওই টেইলার্সসহ লাগোয়া পাশের আল আরাফা টেলিকম এবং খান জেনারেল স্টোরের টিনের শেড উড়ে যায়। এতে বেশ কয়েকজন দগ্ধ ও আহত হয়েছেন।