আন্তনিও রুডিগার খেলেন সেন্টার ব্যাক পজিশনে। গোল করার চেয়ে দলকে গোল হজম করা থেকে রক্ষা করাই তার মূল কাজ। জার্মান ডিফেন্ডার রুডিগার স্টুটগার্ট, রোমা, চেলসি হয়ে এখন খেলছেন রিয়াল মাদ্রিদে।
রুডিগারের প্রিয় প্রতিপক্ষ কে, এমন প্রশ্ন করলে উত্তরটা রুডিগার নিজে কি দেবেন তা বলা মুশকিল। তবে রুডিগার তার ক্যারিয়ারের সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন ম্যানচেস্টার সিটির বিপক্ষে। ক্লাবটির বিপক্ষে ১৬টি ম্যাচ খেলেছেন তিনি।
এই ১৬ ম্যাচে সিটির বিপক্ষে কোন গোল পাননি রুডিগার। জার্মান এই ডিফেন্ডার ক্যারিয়ারে এখন পর্যন্ত সর্বোচ্চ ৪ গোল করেছেন লেস্টার সিটির বিপক্ষে। তবে রুডিগারের কারণে সিটিকে খালি হাতে ফিরতে হয়েছে বহুবার। প্রতিপক্ষ হিসেবে সিটিকে পেলে ডিফেন্সে দারুণ খেলেন রুডিগার।
এবার চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে ইতিহাদে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির ম্যাচটি নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ১-১ সমতায় শেষ হয়। ফলে দুই লেগে মিলে ৪-৪ সমতা।
টাইব্রেকারে সিটিকে হারিয়ে সেমিফাইনালে নিজেদের জায়গা নিশ্চিত করেছে রিয়াল। আর রিয়ালের হয়ে টাইব্রেকে জয়সূচক শটটি নেন রুডিগার।
শুটআউটে জুলিয়ান আলভারেজ গোল করে শুরু করলেও সিটির বার্নার্দো সিলভা ও কোভাচিচের শট বাঁচিয়ে দেন গোলকিপার লুনিন। ওদিকে রিয়ালের মদ্রিচ শুরুর শট মিস করলেও বেলিংহ্যাম, ভাসকেজ, নাচো গোল করেন।
শেষ শটটি নিতে আসেন রুডিগার, যিনি চেলসির হয়ে ২০২১ সালের চ্যাম্পিয়নস লিগ ফাইনালে গোল করে সিটিকে কাঁদিয়েছিলেন। এবারও তিনি টাইব্রেকে বল জালে পাঠিয়ে বিদায় করেন গতবারের ট্রেবল জয়ীদের।