সুনামগঞ্জের ছাতকে বাস-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে উপজেলার সুরমা সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ছাতকের শিমুলতলা গ্রামের বাসিন্দা সঙ্গীতশিল্পী পাগল হাসান (মো. মতিউর রহমান ওরফে হাসান) (৩৩) ও ছাত্তার মিয়া (৩০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলা থেকে সিএনজি অটোররিকশাযোগে নিজ উপজেলা ছাতকে ফিরছিলেন সঙ্গীতশিল্পী পাগল হাসানসহ পাঁচ যাত্রী। অটোরিকশাটি যখন ছাতকের সুরমা সেতু এলাকায় আসে তখন গোবিন্দগঞ্জ থেকে দোয়ারা বাজারের উদ্দেশে আসা দ্রুতগতির একটি বাস সুরমা সেতুতে উঠে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়ায়। এতে সিএনজিতে থাকা পাঁচ যাত্রীর মধ্যে দুজন ঘটনাস্থলেই মারা যান।
অটোরিকশাতে থাকা অপর তিন যাত্রীকে স্থানীয়রা উদ্ধার করে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এছাড়াও তিনজন গুরুতর আহত। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে।
উল্লেখ্য, নিহত সঙ্গীতশিল্পী পাগল হাসান 'আসমানে যাইও নারে বন্ধু ধরতে পারব না তোমায়', 'জীবন খাতা'সহ প্রায় পাঁচশতাধিক গান লিখেছিলেন। তার এই গানগুলো দেশব্যাপী ব্যাপক জনপ্রিয়তা পায়।