ক্রিশ্চিয়ানো রোনালদো এখন খেলছেন সৌদি আরবের ক্লাব আল নাসরে। সিআরসেভেন ইউরোপ ছেড়ে সৌদিতে পাড়ি জমান ২০২৩ এর জানুয়ারিতে।
আল নাসরে যোগ দেওয়ার আগে রোনালদো ছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডে। তার আগে জুভেন্তাসে খেলেছেন ২০১৮-২১ পর্যন্ত। সেখানে থাকতে করোনার সময় আর্থিক দুরবস্থার কারণে বেতন কম নিতে রাজি হয়েছিলেন সিআরসেভেন।
তবে আর্থিক অবস্থা ভালো হলে পরবর্তীতে সেটি শোধ করা হবে, এমন শর্ত ছিল। সময় পেরিয়ে গেলেও সেই অর্থ না পাওয়ায় মামলা করেছিলেন রোনালদো। পর্তুগীজ তারকার দাবি বকেয়া হিসেবে জুভেন্তাসের কাছে ১৯.৫ মিলিয়ন ইউরো পান তিনি।
সেই মামলার রায় রোনালদোর পক্ষে এসেছে। জুভেন্তাসের রোনালদোকে ৯.৮ মিলিয়ন ইউরো দিতে হবে এমন নির্দেশনা দিয়েছে সালিশি আদালত। তবে জুভেন্তাস এই রায়ের বিরুদ্ধে আপিল করবে বলে জানা গেছে।