ইউরোপা লিগে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগ আজ রাতে। এবারের ইউরোপা লিগের সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে টিকে থাকা আট দলের দুটি লিভারপুল ও বায়ার লেভারকুসেন। লিভারপুলের কোচ ইয়ুর্গেন ক্লপ ঘোষণা দিয়ে রেখেছেন মৌসুম শেষে ক্লাব ছাড়ার। তো লেভারকুসেনেই থাকার ঘোষণা দেন জাবি আলোনসো।
এই দুই কোচের সামনের পথটা ভিন্ন হতে চলেছে। ক্লপ শিরোপা জিতে মৌসুম শেষ করতে পারবেন কিনা তা বড় প্রশ্ন। বিষয়টি উল্টো আলোনসোর বেলায়। আলোনসোর সামনে সুযোগ ট্রেবল জয়ের।
এফএ কাপ থেকে বিদায় নিয়েছে লিভারপুল। ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা দৌঁড়ে ২ পয়েন্টে পিছিয়ে থেকে তিনে আছে লিভারপুল। বাকি আর ৬ ম্যাচ। ইউরোপা লিগ কোয়ার্টারের প্রথম লেগে অ্যানফিল্ডে আতালান্তার সঙ্গে ৩-০ গোলে হেরেছে লিভারপুল। সেমিতে যেতে হলে আজ অলরেডদের অভিশ্বাস্য কিছু করতে হবে। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে অবশ্য ক্লপ বলেছেন, তার বিশ্বাস লিভারপুল ফিরে আসবে। অর্থাৎ দ্বিতীয় লেগ জিতে সেমিতে যাবে।
এদিকে ইউরোপা লিগে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে লেভারকুসেন ২-০ গোলে জিতেছে ওয়েস্ট হ্যামের বিপক্ষে। আজ যে কোন ব্যবধানে ড্র কিংবা ১-০ গোলে হারলেও লেভারকুসেন উঠে যাবে সেমিফাইনালে।
এরই মধ্যে জার্মান লিগ শিরোপা নিশ্চিত করেছে আলোনসোর লেভারকুসেন। তারা আছে জার্মান কাপের ফাইনালেও। সেখানে লেভারকুসেনের প্রতিপক্ষ কাইজারস্লটার্ন।