চোটে পড়ে আইপিএল শেষ হয়ে গিয়েছে কিউই ওপেনার ডেভন কনওয়ের। তবে তার বিকল্প হিসেবে কোনো ব্যাটসম্যানকে দলে ভেড়ায়নি চেন্নাই সুপার কিংস। বরং মোস্তাফিজের অভাব ঘুঁচাটে ইংলিশ পেসার রিচার্ড গ্লেসনকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
আগামী ১ মে পর্যন্ত চেন্নাইয়ের হয়ে ফেলবেন মোস্তাফিজ। তারপর দেশে ফিরবেন জিম্বাবুয়ে সিরিজের জন্য। এর পর বাংলাদেশের যুক্তরাষ্ট্র সফর রয়েছে। গতকাল ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুস ইঙ্গিত দিয়েছেন ওয়ার্কলোড ম্যানেজমেন্টের। তাই ধরে নেওয়া যায় মোস্তাফিজের এবারের আইপিএলে সফর শেষ হয়ে যাচ্ছে ১ মে-তেই।
৫ ম্যাচে ১০ উইকেট নিয়ে আলো কাড়া মোস্তাফিজের বদলী ভাবনায় তাই রিচার্ড গ্লেসনকে ভিত্তিমূল্যে দলে টেনেছে চেন্নাই। ২০২২ সালে ৩৪ বছর বয়েসে অভিষেকের পর গ্লেসন ইংল্যান্ডের জার্সিতে ৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেললেও এর আগে কখনো আইপিএল খেলেননি।
তবে পৃথিবীময় ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার অভিজ্ঞতা আছে তার। স্বীকৃত টি-টোয়েন্টিতে ৯০ ম্যাচ খেলে ৮.১৮ ইকোনমিতে ১০১ উইকেট আছে ডানহাতি পেসারের।