পুলিশের বিপক্ষে জয় দিয়ে আসর শেষ করলো ঊষা

গ্রীনডেল্টা ইনস্যুরেন্স প্রিমিয়ার ডিভিশন হকি লিগের সুপার সিক্স পর্বে নিজেদের শেষ ম্যাচে জয় পেয়েছে ঊষা ক্রীড়া চক্র। বাংলাদেশ পুলিশ স্পোর্টিং ক্লাবকে তারা হারিয়েছে ২-০ গোলে।

মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে বৃহস্পতিবার হাড্ডাহাড্ডি লড়াই করে দুদল। প্রথম কোয়ার্টারে এগিয়ে যাওয়া সুযোগ হয়েছিল পুলিশের। তবে ভিডিও রেফারেলে সেই গোল বাতিল হয়। দ্বিতীয় কোয়ার্টারে আরশাদের গোলে এগিয়ে যায় ঊষা।

তৃতীয় কোয়ার্টারে ব্যবধান দ্বিগুণ করে ঊষা। শেষ কোয়ার্টারে কোনো দলই আর গোল করতে পারেনি। ২-০ ব্যবধানেই শেষ হয় ম্যাচ। এতে লিগে ৩১ পয়েন্ট নিয়ে ঊষা চতুর্থ অবস্থানে থেকে আসর শেষ করলো।

কাল হবে শিরোপা নির্ধারণী লড়াই। শেষ রাউন্ডের খেলার আগে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে মোহামেডান। ১৪ ম্যাচে তাদের সংগ্রহ ৩৫ পয়েন্ট। আবাহনী ও মেরিনার্সের সংগ্রহ ৩৪।

শুক্রবার প্রথম ম্যাচে মেরিনার্স খেলবে বাংলাদেশ পুলিশের বিপক্ষে। এই ম্যাচ জিতলে তাদের সংগ্রহ দাঁড়াবে ৩৭। দ্বিতীয় ম্যাচে আবাহনী যদি মোহামেডানকে হারায় তবে আকাশী-হলুদদের সংগ্রহও হবে ৩৭। সেক্ষেত্রে বাইলজ অনুযায়ী প্লে-অফ ম্যাচের মাধ্যমে শিরোপা নির্ধারিত হওয়ার কথা।

আর যদি মোহামেডান জেতে, তবে তারাই ঘরে তুলবে শিরোপা। আর মোহামেডান-আবাহনী ম্যাচটা ড্র হলে শিরোপা থেকে যাবে মেরিনার্সের ঘরে।