রাজধানীর বাড্ডার আফতাবনগর এলাকার একটি সেলুনের ভেতর থেকে তারেক মিয়া (২৩) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বেলা ১১টার দিকে আফতাবনগর সি ব্লকের ২ নম্বর রোডের লিজেন্ড হেয়ার স্টুডিও নামে সেলুনের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করে বাড্ডা থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য দুপুরে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
বাড্ডা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. সোহরাব হোসেন জানান, তারেক মিয়া ওই সেলুনে কাজ করতেন। থাকতেন সেলুনের ভেতরেই। সকালে সহকর্মীরা সেলুনে গিয়ে তার কোনো সাড়াশব্দ না পেয়ে থানায় খবর দেন। এরপরই ঘটনাস্থলে যায় পুলিশ। পরে সাঁটার ভেঙে ভেতরে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের যেকোনো সময় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তিনি।
মৃত তারেকের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার নয়নপুর গ্রামে। বাবার নাম সুজন মিয়া।
মৃত তারেকের সহকর্মী দেবাশীষ জানান, সুজন সাতদিন যাবৎ এই সেলুনে কাজ করছিলেন। গতরাতে কাজ শেষ করে সেলুনের ভেতরেই ঘুমিয়ে পড়েন। সকাল ১০টার দিকে সেলুনের সাঁটার নক করলে কোনো সাড়া না পেয়ে থানায় খবর দেই।