ঢাকার আশুলিয়ায় ফার্নিচারের গোডাউনে বিস্ফোরণে ৩ জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে আশঙ্কাজনক ২ জনকে উদ্ধার করে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে আশুলিয়ার কুরগাঁও আমতলা এলাকার শামসুদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন গোডাউনের কর্মচারী সুমন (৩০), বাড়ির ভাড়াটিয়া সাজেদা বেগম (৫৫) ও এক ক্রেতা।
ফায়ার সার্ভিস জানায়, আবাসিক ওই বাড়িতে দোকানের গোডাউন হিসেবে একটি কক্ষ ভাড়া দিয়েছিলেন বাড়ির মালিক। বিকেলে একজন ক্রেতা নিয়ে সেই গোডাউনের দরজা খোলেন সুমন। দরজার পাশে ছিলেন ভাড়াটিয়া ওই নারী। এ সময় হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটনা। এতে ৩ জন দগ্ধ হন। পরে স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে এবং দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
দগ্ধ সুমনের ভাই মো. সুজন জানান, আশুলিয়া কুরগাঁও পাঁচতলা বাসার নিচতলায় ফার্নিচারের গোডাউন। গোডাউনের কর্মচারী সুমন। বিকালে এক ক্রেতাকে নিয়ে গোডাউনের দরজা খুলে ভেতরে ঢুকতেই সেখানে বিস্ফোরণ হয়। ঘটনার সময় সাজেদা বেগম গোডাউনের দরজার সামনে থাকায় তিনিও দগ্ধ হন।
দগ্ধ সাজেদা বেগমের মেয়ের জামাই আব্দুস সাত্তার জানান, তাদের বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়ায়। ভবনটির ৪র্থ তলায় পরিবার নিয়ে ভাড়া থাকেন তিনি।
এদিকে বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা জানান, সাজেদার শরীরের ৮০ শতাংশ ও সুমনের ৪৩ শতাংশ দগ্ধ হয়েছে। দুজনের অবস্থাই আশংকাজনক। ভর্তি রেখে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।