ব্যাংক ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৫৩ জন রিমান্ডে

বান্দরবানের রুমায় নতুন সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফের) ব্যাংক ডাকাতি ও অস্ত্র লুটের ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ৫৩ জনকে রিমান্ডে নিয়েছে পুলিশ। এর মধ্যে এক নারীকে এক দিন ও ৫২ জনকে দুদিন করে রিমান্ডে নেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে ব্যাংক ডাকাতি ও অস্ত্র লুটের মামলার আসামিদের হাজির করা হয়। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হোসাইনের আমলি আদালত পুলিশের রিমান্ড আবেদন এবং আসামিদের জামিন আবেদনের শুনানি করে। আদালত পুলিশের পরিদর্শক ফজলুল হক জানান, ৫৭ আসামিকে আদালতে হাজির করে পুলিশ রিমান্ডের আবেদন করলে আদালত ৫৩ জনের রিমান্ড মঞ্জুর করে।

চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) বিশ্বজিৎ সিংহ জানিয়েছেন, রিমান্ড মঞ্জুর আদেশে দুটি মামলায় অন্তঃসত্ত্বা এক নারীকে কারাগারের ফটকে এক দিন ও ৫২ জনকে দুদিন করে জিজ্ঞাসাবাদ করার জন্য বলা হয়েছে।

আদালতে হাজির ৫৭ আসামির মধ্যে চারজনকে আরও অন্য মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাদের রিমান্ড শুনানি পরবর্তী ধার্য তারিখে হবে বলে নির্ধারণ করা হয়।