সাভারের আশুলিয়ায় বিদ্যুতের খুঁটিতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বিদ্যুৎকর্মীর মৃত্যু হয়েছে। গত বুধবার বেলা সাড়ে ১১টার দিকে আশুলিয়ার চারাবাগ এলাকায় এনআরএস রাবার অ্যান্ড প্লাস্টিক লিমিটেড কারখানার সামনে বিদ্যুতের খুঁটিতে বাইপাস ব্লেড খুলতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।
নিহত বিদ্যুৎকর্মীর নাম মোবারক হোসেন (৩১)। সে শেরপুর জেলার শ্রীবরদী থানার কুরুয়া গ্রামের মো. আসাদুজ্জামানের ছেলে। নিহত মোবারক আশুলিয়ার চারাবাগ এলাকায় স্ত্রী-সন্তানদের নিয়ে ভাড়াবাসায় থেকে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর অধীনে আশুলিয়া সাব-জোনাল অফিসের বিরুলিয়া এরিয়া অফিসের লাইনম্যান (গ্রেড-১) হিসেবে কাজ করতেন। তার তিন বছরের একটি মেয়ে ও দুই বছরের একটি ছেলে সন্তান আছে। প্রায় আট বছর ধরে সে পল্লী বিদ্যুতে চাকরি করতেন তিনি।
ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. মাশফিকুল হাসান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কারও গাফিলতি আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনা তদন্তে চার সদস্যের একটি কমিটি করা হয়েছে। তারা ইতিমধ্যে কাজ শুরু করেছেন। আগামী পাঁচ থেকে ছয় দিনের মধ্যে তদন্ত কমিটি রিপোর্ট প্রদান করবে।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) অপূর্ব সাহা বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় তাদের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই লাশটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।