ইউরোপা লিগের সেমিফাইনাল নিশ্চিত করেছে বায়ার লেভারকুসেন। কাল রাতে ক্লাব ফুটবলের দ্বিতীয় সর্বোচ্চ প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে ওয়েস্ট হামের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে তারা। প্রথম লেগে ২-০ ব্যবধানের জয় পেয়েছিল তারা। ৩-১ গোলে এগিয়ে থাকায় শেষ চার নিশ্চিত করে জাবি আলোনসোর শিষ্যরা। গত সপ্তাহে বুন্দেসলিগা জয়ী জার্মান ক্লাবটি তাই ট্রেবল জয়ের পথে এক পা এগিয়ে গেল।
সেমিফাইনালে ওঠার পথে একটি রেকর্ডও গড়েছে লেভারকুসেন। ওয়েস্ট হামের সঙ্গে সমতায় শেষ হওয়া খেলাটি সব প্রতিযোগিতা মিলিয়ে লেভারকুসেনের টানা ৪৪তম অপরাজিত ম্যাচ। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের দলগুলোর মধ্যে এত বেশি ম্যাচ অপরাজিত থাকার কীর্তি নেই আর কারও।
লন্ডন স্টেডিয়ামে লেভারকুসেনকে বেশ কঠিন পরীক্ষাতেই ফেলেছিল ওয়েস্ট হাম। ১৩ মিনিটেই মিখায়েল আন্তনিওর গোলে এগিয়ে যায় ইংলিশ ক্লাবটি, যে লিড তারা ধরে রাখে একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত। অপরাজিত থাকার রেকর্ড গড়তে দরকার ছিল ড্র। ম্যাচের ৮৯তম মিনিটে লেভারকুসেনের দরকারি গোলটা এনে দেন ডাচ ডিফেন্ডার জেরেমি ফ্রিমপং।
যে দাপুটে ফুটবল খেলে লেভারকুসেন বায়ার্ন মিউনিখের রাজত্ব ভেঙে বুন্দেসলিগার ট্রফি জিতেছে, সেটির ছাপ ওয়েস্ট হামের বিপক্ষে ছিল না বলে ম্যাচ শেষে স্বীকারও করেছেন কোচ জাবি আলোনসো, ‘প্রথমার্ধে বল নিয়ে যে মানের তাড়না ও নিয়ন্ত্রণে রাখার দরকার ছিল, সেটা আমাদের যথেষ্ট ছিল না। ডুয়েলসে আমরা পিছিয়ে ছিলাম। দ্বিতীয়ার্ধে আমাদের নিজেদের সামর্থ্য দেখানোর দরকার ছিল। তখন আমরা ভালোও খেলেছি, নিয়ন্ত্রণও বেশি ছিল।’
ইউরোপা লিগের বাইরে ডিএফবি পোকাল জেতারও সুযোগ আছে লেভারকুসেনের সামনে। জার্মানির ঘরোয়া কাপ টুর্নামেন্টটির ফাইনালে লেভারকুসেনের প্রতিপক্ষ কাইজারস্লাটার্ন। দলটি বুন্দেসলিগার দ্বিতীয় স্তরে খেলে।