চট্টগ্রামের চন্দনাইশে সাঙ্গু নদীতে গোসলে নেমে এক কিশোরের মৃত্যু হয়েছে । শুক্রবার (১৯ এপ্রিল) দোহাজারী পৌরসভাস্থ ৭নং ওয়ার্ডের সাঙ্গু নদীর ওপর নির্মিত রেলওয়ে ব্রিজের নিচে এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, দোহাজারী সাঙ্গু নদীর পাড়ে অবস্থিত রোহিঙ্গা কলোনিতে হাফেজ মোহাম্মদ হোসেন (১৮) বোন খতিজা বেগমের বাড়ীতে দেড় মাস পূর্বে টেকনাফ উপজেলার টেংখালী রোহিঙ্গা ক্যাম্প থেকে বেড়াতে আসে। আজ বেলা ১১টার দিকে সাঙ্গু নদীতে গোসল করতে যায় হোসেন। সেখানে পানিতে ডুব দেওয়ার পর আর ভেসে না ওঠায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে চন্দনাইশ ফায়ার সার্ভিসে খবর দেন স্থানীয়রা।
খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। তারা অনেক খোঁজার পর না পেয়ে চট্টগ্রাম থেকে ডুবুরি দল আনা হয়। ডুবরি দল ৬ ঘণ্টা খোঁজার পর মোহাম্মদ হোসেনকে উদ্ধার করেন।