আশুলিয়ায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ২

সাভারের আশুলিয়ায় গ্যাস লিকেজ থেকে একটি ফ্ল্যাটে বিস্ফোরণে দুজন দগ্ধ হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় আশুলিয়ার কুরগাঁও এলাকায় শামসুদ্দিনের মালিকানাধীন ৫তলা বাড়ির নিচতলার একটি ফ্ল্যাটে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন পাবনা জেলার রাজনারায়ণপুর গ্রামের সুমন মোল্লা (৩০) এবং ওই বাড়ির ভাড়াটিয়া মাজেদা বেগম (৫৫)। এর মধ্যে তামিম ইলেকট্রনিকসের ম্যানেজার হিসেবে কাজ করতেন। ওই ফ্ল্যাটটি তামিম ইলেকট্রনিকস নামে একটি দোকানের গোডাউন হিসেবে ব্যবহৃত হতো।

দগ্ধ সুমনের ভাই সুজন মোল্লা বলেন, ‘চিকিৎসকরা জানিয়েছেন আমার ভাইয়ের শরীরের ৪৩ শতাংশ পুড়ে গেছে। আর ওই নারীর কী অবস্থা, জানি না। আমার ধারণা, তার অবস্থা আরও খারাপ।’

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আগুনের খবর পেয়ে জিরাব ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। তবে তার আগেই আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে স্থানীয়রা। এ ঘটনায় আনুমানিক দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে এবং ১০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।

তামিম ফার্নিচারের মালিক রাকিবুল ইসলাম বলেন, ‘ওই ফ্ল্যাটে কোনো সিলিন্ডার ছিল না। ফ্ল্যাটে আমার প্রতিষ্ঠানের ম্যানেজার সুমন কোনো কাজে গিয়েছিল, তখন আগুনের ঘটনা ঘটে। এ ছাড়া আহত নারী সিঁড়ি দিয়ে নিচে নামার সময় আহত হয়েছেন বলে শুনেছি। তিন রুমের ওই ফ্ল্যাটে কিছু কিচেন র‌্যাক আর ম্যাট্রেস রাখা ছিল।’

ফায়ার সার্ভিসের ঢাকা জোন-৪-এর উপসহকারী পরিচালক মো. আলাউদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আমরা অল্প আগুন পেয়েছি। সেটুকুই নির্বাপণ করা হয়েছে। আমরা পৌঁছানোর আগেই স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ফলে এই আগুনের ঘটনা ঘটেছে।’