সাভারে হাইওয়ে পুলিশের এক কনস্টেবলের বিরুদ্ধে যাত্রীবাহী একটি বাসের সুপারভাইজারকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের জোড়পুল এলাকায় এ ঘটনা ঘটে।
মারধরের শিকার ওই সুপারভাইজারের নাম হানিফ আলী (২৮)। তিনি ঢাকা-আরিচা মহাসড়কে চলাচলকারী ‘মৌমিতা পরিবহনে’ চাকরি করেন।
হানিফ বলেন, ‘বৃহস্পতিবার রাত ১২টার দিকে বাস গ্যারেজে রেখে বাসায় ফেরার জন্য জোড়পুল বাসস্ট্যান্ডে গিয়ে দাঁড়াই। এ সময় সাভার হাইওয়ে পুলিশের একটি টহল দল ওই স্ট্যান্ডে দাঁড়ানো একটি বাসের চালকের কাছে কাগজপত্র চাইছিল। কিন্তু চালক কাগজপত্র দেখাতে গড়িমসি করলে পুলিশের এক সদস্য তাকে মারধর করতে থাকেন। একপর্যায়ে ওই বাসের কাছে গিয়ে পুলিশ সদস্যদের বলি, ভাই গাড়ির মহাজন আসতেছে, মারধর করছেন কেন? এ কথা বলার সঙ্গে সঙ্গে হাইওয়ে পুলিশের কনস্টেবল রোজদার প্রথমে গালিগালাজ করেন। এরপর আমার শরীরের বিভিন্ন অংশে ২০ থেকে ২৫টি লাথি মারেন। তার লাথিতে আমার স্পর্শকাতর অঙ্গে প্রচ- আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়ি।’
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে উপস্থিত দুই সাংবাদিক ঘটনার ভিডিও ও স্থিরচিত্র ধারণ করতে গেলে কনস্টেবল রোজদার রহমান তাদের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। পরে তাদের পরিচয় জানার পর কোনো কথা না বলে সেখান থেকে চলে যান। এরপর সাংবাদিকরা মারধরের বিষয়ে জানতে চাইলে টহল দলের দায়িত্বে থাকা এসআই (নিরস্ত্র) জিল্লুর রহমান বলেন, ‘তেমন কিছু ঘটেনি।’
এ বিষয়ে সাভার হাইওয়ে থানার ওসি আইয়ুব আলী বলেন, বাসের সুপারভাইজারকে মারধরের বিষয়টি জানার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তদন্ত করে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।