যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের ম্যানহাটানের একটি আদালতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাশ-মানি মামলার বিচার কাজ চলাকালীন আদালতের বাইরে নিজের শরীরে আগুন দেয়া যুবকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সময় গতকাল শুক্রবার এ ঘটনা ঘটে। এ সময় ট্রাম্প আদালত কক্ষে ছিলেন। ওই যুবককে গুরুত্বর অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানে তিনি মারা যান।
শনিবার এ খবর নিশ্চিত করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
নিজ দেহে আগুন দেওয়া ওই যুবকের নাম ম্যাক্সওয়েল আজারেল্লো। ফ্লোরিডার বাসিন্দা আজারেল্লো এক সপ্তাহ আগে নিউইয়র্কে এসেছিলেন। এই অঙ্গরাজ্যে তার পূর্ব অপরাধের কোনো রেকর্ড নেই। তবে আজারেল্লো যে নিউইয়র্কে এসেছেন, তা ফ্লোরিডায় বসবাসরত তার পরিবারের সদস্যরার জানতেন না।
শনিবার ভোরে নিউ ইয়র্ক সিটি পুলিশ জানিয়েছে যে, আজারেল্লোকে হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে বিবিসি জানায়, ওই ব্যক্তি পার্ক থেকে হেটে এসে একটি ক্যান বের করে শরীরে দাহ্য পদার্থ ঢেলে আগুন জ্বালিয়ে দেন। তার আগে হাতে থাকা কিছু কাগজ ছুড়ে ফেলেন তিনি। এ সময় একেবারে শান্ত ছিলেন ৩৭ বছরের ওই যুবক। এমন ঘটনায় হতভম্ব হয়ে পড়েন আশপাশের সবাই।
তবে তিনি কেন এমন কাজ করেছেন, তা জানা যায়নি। তার এমন কর্মকাণ্ডের পেছনে কেউ জড়িত কিনা সে বিষয়টিও গুরুত্ব সহকারে তদন্ত করছে পুলিশ।
এছাড়া ম্যাক্সওয়েলের ছুড়ে ফেলা কাগজ পর্যবেক্ষণ করে কারণ জানানো হবে বলেও জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।