সরকারি সফরে মিশর গেলেন বিমান বাহিনী প্রধান

সরকারি সফরে মিশর গিয়েছেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান। এ সময় আরও তিনজন তার সফরসঙ্গী হয়েছেন। শনিবার (২০ এপ্রিল) শেখ আব্দুল হান্নান মিশরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।

মিশরীয় বিমান বাহিনীর কমান্ডারের আমন্ত্রণে ২১ এপ্রিল থেকে ২৪ এপ্রিল পর্যন্ত মিশর সফর করবেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান। সফরকালে তিনি কায়রোতে অবস্থিত মিশরীয় বিমান বাহিনীর সদর দপ্তর পরিদর্শন করবেন এবং মিশরীয় বিমান বাহিনীর কমান্ডার এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করবেন।

এছাড়াও বিমান বাহিনী প্রধান মিশরীয় বিমান বাহিনী কলেজ, কম্ব্যাট ট্রেনিং স্কুল, ২৯২ এয়ার ব্রিগেড এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করবেন। সফর শেষে তিনি ২৫ এপ্রিল দেশে ফিরবেন।