কিছুদিন আগে সন্ত্রাসী কালা জাহাঙ্গীরের বিভিন্ন ঘটনা নিয়ে নির্মিতব্য সিনেমা ‘ওয়ানস আপন আ টাইন ইন ঢাকা’ সিনেমা নির্মাণের ঘোষণা দেন নির্মাতা আবু হায়াত মাহমুদ, যেটির ট্যাগ লাইন ‘আমি কালা’। সিনেমাটির ‘আমি কালা’ চরিত্রে মোশাররফ করিমের অভিনয়ের কথা রয়েছে। এ ছাড়াও শরাফ আহমেদ জীবনের পরিচালনায় ‘চক্কর’ নামের নতুন একটি সিনেমায় অভিনয় করেছেন এ অভিনেতা, যেটির ফার্স্টলুক সোশ্যালে দারুণ প্রশংসা কুড়িয়েছে।
এর মধ্যে শোনা গেছে, নতুন আরেকটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন মোশাররফ করিম। সিনেমাটির নাম ‘কুরকাব’। এটি পরিচালনা করছেন ‘কমলা রকেট’ খ্যাত নির্মাতা নূর ইমরান মিঠু। একাধিক ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, আগামীকাল সোমবার ঢাকার অদূরে সুন্দরবনে শুরু হচ্ছে সিনেমাটির শুটিং। প্রথম দিনেই সিনেমাটির শুটিংয়ে অংশ নিচ্ছেন মোশাররফ করিম। এখানে আরও অভিনয় করতে দেখা যাবে মীর রাব্বীকে।
তবে এ বিষয়ে জানতে পরিচালকের সঙ্গে যোগাযোগ করা হলে তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।
মোশাররফ করিম অভিনীত সর্বশেষ সিনেমা মুক্তি পেয়েছে ভারতের কলকাতায়। ব্রাত্য বসুর পরিচালনায় ‘হুব্বা’ নামের সেই সিনেমায় তিনি হুগলির একজন গ্যাংস্টারের ভূমিকায় কাজ করেছেন। এ ছাড়াও এবার ঈদের একাধিক নাটকে তাকে দেখা গেছে।