গরমে গাউন পরতে হবে না সুপ্রিম কোর্টের আইনজীবীদের

দেশ জুড়ে চলছে অসহনীয় তাপদাহ। এমন পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে মামলার শুনানিকালে আইনজীবীদের কালো গাউন পড়ার আবশ্যকতা শিথিল করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। প্রধান বিচারপতির আদেশক্রমে গতকাল শনিবার সুপ্রিম কোর্ট প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ নির্দেশনা আজ ২১ এপ্রিল রবিবার থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দেশব্যাপী চলমান তীব্র তাপদাহের কারণে প্রধান বিচারপতির সঙ্গে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতিরা আলোচনাক্রমে এই সিদ্ধান্ত হয় যে, সুপ্রিম কোর্টের উভয় বিভাগে মামলার শুনানিকালে বিজ্ঞ আইনজীবীদের গাউন পরিধানের আবশ্যিকতা শিথিল করা হলো।’

এর আগে গত ৪ এপ্রিল প্রধান বিচারপতির সিদ্ধান্তক্রমে সুপ্রিম কোর্টের আরেকটি বিজ্ঞপ্তিতে অধস্তন আদালতে আইনজীবীদের কালো কোট ও গাউন পরিধানের বাধ্যবাধকতা স্থগিত করা হয়। সুপ্রিম কোর্টের এ নির্দেশনা গত ৮ এপ্রিল থেকে অধস্তন আদালতে কার্যকর হচ্ছে।

সিদ্ধান্ত অনুসারে, দেশের সব অধস্তন দেওয়ানি ও ফৌজদারি আদালত-ট্রাইব্যুনালের বিচারক এবং আইনজীবীরা ক্ষেত্রমত সাদা ফুলশার্ট বা সাদা শাড়ি/সালোয়ার কামিজ ও সাদা নেক ব্যান্ড/কালো টাই পরিধান করবেন।