শ্রদ্ধা ভালোবাসায় শিবনারায়ণ দাসকে বিদায়

শ্রদ্ধা ভালোবাসায় বিদায় জানানো  হলো বাংলাদেশের প্রথম পতাকার অন্যতম নকশাকার ও মুক্তিযোদ্ধা শিবনারায়ণ দাসকে। নিজের নকশা করা পতাকা জড়ানো মরদেহে শ্রদ্ধা জানায় সর্বস্তরের মানুষ।

গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শিবনারায়ণের মরদেহ আনার পর তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পাশাপাশি সাধারণ মানুষ।

এর আগে তার মরদেহের প্রতি রাষ্ট্রীয় সম্মাননা হিসেবে ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হয়। শ্রদ্ধা নিবেদন শেষে শিবনারায়ণ দাসের মরদেহ গ্রামের বাড়ি কুমিল্লায় নেওয়া হলে স্থানীয় টাউন হল প্রাঙ্গণে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করে। বিকেলে শিবনারায়ণের মরদেহ তার আগের ইচ্ছা অনুযায়ী, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হস্তান্তর করা হয়।

কেন্দ্রীয় শহীদ মিনারে শিবনারায়ণ দাসের কফিনে আওয়ামী লীগের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলটির সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, সুজিত রায় নন্দী, সংস্কৃতিবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, উপদপ্তর সম্পাদক সায়েম খানসহ কেন্দ্রীয় নেতারা।

আব্দুর রাজ্জাক বলেন, ‘শিবনারায়ণ দাসের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তিনি বাংলাদেশ ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী ছিলেন। যে ঐতিহ্যবাহী ছাত্রলীগ এ দেশের সব আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছে।  মুক্তিযুদ্ধের আদর্শ ও চেতনার একজন লড়াকু কর্মী ছিলেন।’

এ ছাড়া শ্রদ্ধা জানান ঢাকা বিশ^বিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদ ও উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি), জাসদ, বাসদ, ওয়ার্কার্স পার্টি, জেএসডি, জাতীয় যুব জোট, কেন্দ্রীয় খেলাঘর, ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, গণজাগরণ মঞ্চ, সহযাত্রী, জাসদ ছাত্রলীগ, ৫ দলীয় বাম জোট, বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদ সংগঠন শ্রদ্ধা জানায়।

গত শুক্রবার সকাল সাড়ে ৯টায় রাজধানী ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শিবনারায়ণ দাস।